আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্বঘোষণা অনুযায়ী বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম সোমবার থেকে আবার বাড়ছে। প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ২ টাকা ৬৩ পয়সা থেকে ছয় দশমিক ৬৬ শতাংশ বেড়ে হচ্ছে ২ টাকা ৮০ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, "এই পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে খুচরা বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে।"
সৈয়দ ইউসুফ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ইতোমধ্যে খুচরা দাম বাড়ানোর বিষয়ে কমিশনে প্রস্তাব দিয়েছে।
তাদের প্রস্তাব বিবেচনায় নিয়ে তিন মাসের মধ্যে গণশুনানী করে খুচরা দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান তিনি।
এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাভুক্ত সমিতিগুলোর ক্ষেত্রে বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর বিষয়ে গত এপ্রিল মাসে গণশুনানী হয়। ওই শুনানী শেষে কমিশনের পক্ষ থেকে এক মাসের মধ্যে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
তবে মে মাসে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়িয়ে সরকার সমালোচনার মুখে পড়লে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে বিইআরসি।
গত ৮ ফেব্র"য়ারি রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম দুই দফায় বাড়ানোর ঘোষণা দেন।
প্রথম দফায় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ২ টাকা ৩৭ পয়সা থেকে ১১ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয় গত ১ ফেব্র"য়ারি। পাশাপাশি প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা করা হয় ওই সময়।
এছাড়া দ্বিতীয় দফায় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ২ টাকা ৬৩ পয়সা থেকে ছয় দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা করা হবে বলে তখনই ঘোষণা দেওয়া হয়। এই দাম ১ আগস্ট কার্যকর হচ্ছে।
দ্বিতীয় দফায় এ দাম বাড়ানোয় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আরইবিকে দুই টাকা ৪৭ পয়সা থেকে দুই টাকা ৬৩ পয়সায়, ওজোপাডিকোকে দুই টাকা ৬৪ পয়সা থেকে দুই টাকা ৮১ পয়সায়, ডেসকোকে দুই টাকা ৭৮ পয়সা থেকে দুই টাকা ৯৬ পয়সায় এবং ডিপিডিসিকে দুই টাকা ৭৫ পয়সা থেকে দুই টাকা ৯৪ পয়সায় কিনতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব বিতরণ অঞ্চলে দাম দুই টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৮৪ পয়সা হবে।
এর আগে ২০০৮ সালের ১ অক্টোবর প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের পাইকারি দাম ২ টাকা ৪ পয়সা থেকে ১৬ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৩৭ পয়সা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮৫৫ ঘ.
bdnews24