২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় ডিএসইতে নতুন বিভাগ

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে যাত্রা শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) 'কর্পোরেট গভর্নেন্স এন্ড ফাইনানশিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স' বিভাগের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে যাত্রা শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) 'কর্পোরেট গভর্নেন্স এন্ড ফাইনানশিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স' বিভাগের। নতুন এই বিভাগ পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাভুক্তির জন্য আবেদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করবে। কোথাও অসঙ্গতি পেলে তা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) জানাবে তারা। রোববার দুপুরে ডিএসই সংলগ্ন সোয়ান টেক্স ভবনে এসইসি চেয়ারম্যান এম. খায়রুল হোসেন এই বিভাগের উদ্বোধন করেন। তিনি সাংবাদিকদের বলেন, "এই বিভাগ চালুর মধ্য দিয়ে সেল্ফ রেগুলেটর হিসেবে ডিএসইর কর্মপরিধি বাড়লো। এতে করে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়তা করবে।" সবার সম্মিলিত চেষ্টায় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে দাবি করে তিনি বলেন "বিনিয়োগকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। এখন থেকে আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা আরো বাড়বে।" কর্পোরেট গভর্নেন্স এন্ড ফাইনানশিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স বিভাগের প্রতিবেদনের ভিত্তিতে এসইসি ব্যবস্থা নেবে জানিয়ে খায়রুল বলেন, "এ বিভাগ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন সম্পর্কে জানানো যাবে। নিয়ম মানা হয়েছে কি না, প্রতিবেদন যথাযথ হয়েছে কি না- তাও নিশ্চিত হওয়া যাবে।" এই বিভাগ চালুর আগে ডিএসইতে এসব কাজ করা হতো লিস্টিং বিভাগের একটি উইংয়ের মাধ্যমে। এসইসির তাগাদায় বিভিন্ন বিভাগ থেকে জনবল এনে নতুন বিভাগ চালু করা হলো। কর্পোরেট গভর্নেন্স এন্ড ফাইনানশিয়াল রিপোর্টিং কমপ্লায়েন্স বিভাগের ৭ জন কর্মীর মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন একজন। ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে। নতুন এই বিভাগ চালুর প্রতিক্রিয়ায় বাজার বিশ্লেষক ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা যে শুরু করেছে- এটা ভালো। দেখা যাক কতদূর কি করে। প্রয়োজন হলে আরো লোকবল নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭৩৩ ঘ.