২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সমস্যায়' থেকেও বিসিবিএলের ঋণ অনিয়ম

কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায় 'প্রবলেম ব্যাংক' হিসেবে চিহ্নিত এই ব্যাংক নিয়ম ভেঙে একজন মালিকের দুই প্রতিষ্ঠানকে দফায় দফায় ঋণ দিয়েছে কোটি কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 08:06 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায় সমস্যা কবলিত বা 'প্রবলেম' ব্যাংক হিসেবে চিহ্নিত হওয়ার পরও নিয়ম ভেঙে সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নানের দুটি প্রতিষ্ঠানকে বিপুল অংকের টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)। পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই বিসিবিএল কর্তৃপক্ষ গত দেড় বছরে মান্নানের প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড ও সানমান ইন্ড্রাস্ট্রিয়াল করপোরেশন লিমিটেডকে ৪৫ কোটি ৮৮ লাখ টাকা ঋণ দেয়। সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর গার্মেন্ট ব্যবসায় সাফল্য পাওয়া আব্দুল মান্নান ১৯৯১-৯৬ বিএনপি সরকারের বস্ত্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব। মান্নানের সানমান গ্রুপের দুই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম নিয়ে গত ১১ জুন বিসিবিএলের পরিচালনা পর্ষদের ১৯০তম সভায় আলোচনা হয়, যা সভার কার্যবিবরণীতেও উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা ব্যাংকের নথিতে দেখা যায়, দু'জন পরিচালকের আপত্তির পরও ব্যাংকের চেয়ারম্যান এ কিউ সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাহী কমিটির সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। এর আওতায় গত বছরের ১৪ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ মে পর্যন্ত সময়ে যন্ত্রপাতি আমদানির জন্য ছয় দফায় মোট ৩০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ পায় বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড। আর সানমান ইন্ড্রাস্ট্রিয়াল করপোরেশন লিমিটেডকে গত বছরের ২৬ অক্টোবর দেওয়া হয় ১৫ কোটি টাকা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একটি ব্যাংকে কোনো পরিচালক বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার কথা নয়। অথচ কমার্স ব্যাংকের মোট শেয়ারের ১৫ শতাংশ শেয়ার রয়েছে মেজর মান্নানের ১৪টি প্রতিষ্ঠানের নামে। সানমান গ্রুপের এই ১৪টি প্রতিষ্ঠান বিসিবিএল-এর ৩০ লাখ ২০ হাজার ১৮৬টি শেয়ারের মালিক, যার অর্থমূল্য ৩০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের 'ব্যাংক পরিচালকদের জন্য গাইডলাইন' অনুযায়ী, ব্যাংকের কোনো পরিচালক পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে নিজের নামে থাকা শেয়ারের পরিশোধিত মূল্যের ৫০ শতাংশ পরিমাণ অর্থ ওই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। মান্নানের দুই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এ নির্দেশনাও অনুসরণ করা হয়নি। সাবেক এই প্রতিমন্ত্রী এখন আর ব্যাংকের পরিচালনা পর্ষদে নেই। তার প্রতিষ্ঠান সানমান গ্র"পের পক্ষে পরিচালনা পর্ষদে বসেন আব্বাস উদ্দিন আহমেদ, যিনি এক সময় এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংকটির কর্মকতারা বলছেন, বিসিবিএলের পরিচালনা পর্ষদের সভায় দুই পরিচালক আনিস আহমেদ ও মনোয়ার হোসেন এই ঋণ নিয়ে আপত্তি তোলার পর বাংলালায়ন ও সানমান ইন্ড্রাস্ট্রিয়ালের নামে নতুন ঋণ অনুমোদন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। অনিয়মের অভিযোগ রয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরীর বিরুদ্ধেও। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিসিবিএল-এ ২০০ জনকে নিয়োগ দিয়েছেন তিনি। গত দেড় বছর ধরে বিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালকের দয়িত্ব পালনের আগে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এস এ চৌধুরী। ওই সময় আব্দুল মান্ননের হেলিকপ্টার নিয়ে ব্যাংকের কাজে ঢাকার বাইরে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের ক্যামেল রেটিং অনুযায়ী বেসরকরি খাতে বিসিবিএলই একমাত্র প্রতিষ্ঠান যেটি সমস্যা কবলিত বা 'প্রবলেম' ব্যাংক হিসেবে চিহ্নিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০১৫৫ ঘ.