ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ নিতে প্ররোচিত এবং কোনো কোনো ক্ষেত্রে বাধ্য করা, সুদের উচ্চহার, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে 'বাজে প্রতিযোগিতা'কে ক্ষুদ্রঋণের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন বৃটিশ এক উন্নয়ন গবেষক।
ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টের প্রধান ডেভিড হিউম মঙ্গলবার বলেন, "ঋণদাতা প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মীদের বাজে ব্যবহার, এক ঋণ শোধ না হতেই আবার বড় অঙ্কের ঋণ নেওয়ার জন্য প্ররোচনা, ঋণের কিস্তি শোধ করতে না পারা ব্যক্তিকে অন্যের সামনে শারীরিক এবং মানসিক নির্যাতনের হুমকি এ সবই ঘটে চলেছে।"
সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত 'পোভার্টি এলিভেশন: হোয়াট ইজ রং অ্যান্ড রাইট উইথ মাইক্রোফিন্যান্স?' শিরোনামের গোলটেবিলে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, "দারিদ্র দূরীকরণে ক্ষুদ্রঋণ এক সময় সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে আবির্ভূত হলেও এখন তা আক্রান্ত হয়েছে।"
আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ক্ষুদ্রঋণকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্র্ণ অংশ হিসেবে অভিহিত করেন। আলোচনায় অন্যদের মধ্যে পল্লী কর্ম সহায়ক ফাইন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমদ, ব্রাক ডেভলেপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. সৈয়দ এম হাশেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক বাকি খলিলী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২১৩৮ ঘ.
bdnews24