ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন গুণগত মানসম্পন্ন চিংড়ি উৎপাদন করায় আগামীতে এ খাতে বাংলাদেশের রপ্তানি আয় আরো বাড়বে।
জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী উপলক্ষে মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশে চিংড়ি ও মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বাংলাদেশে উৎপাদিত চিংড়ির বেশির ভাগই ইউরোপের বাজারে বিক্রি হয়।
"চিংড়ি আমদানিকারক এ দেশগুলো খাদ্য নিরাপত্তার ব্যাপারে খুবই সচেতন। তাই রপ্তানি আয় বাড়াতে আমদানিকারক দেশের চাহিদা মোতাবেক গুণগতমান সম্পন্ন নিরাপদ চিংড়ি চাষে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।"
মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে মন্ত্রী মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন।
মাছ প্রাণিজ আমিষের শ্রেষ্ঠ উৎস উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সুস্থ-সবল জাতিসত্ত্বা গঠনে সুষম মাত্রার প্রাণিজ আমিষ গ্রহণ জরুরি।
বর্তমানে অধিক জনসংখ্যা, অপরিণত ও ডিমওয়ালা মাছ নিধন, খাল-বিল ভরাট হওয়াসহ বিভিন্ন কারণে প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন আশানুরূপভাবে বৃদ্ধি পাচ্ছে না বলে জানান তিনি।
মাছ চাষের নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এ সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯৩৭ ঘ.
bdnews24