২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি: চট্টগ্রামে দাম বেশি, ঢাকায় আশাবাদ

চট্টগ্রামের খুচরা বাজারে সোমবার প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। ঢাকার খুচরা বিক্রেতারা মঙ্গলবার সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি বিষয়ে আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুচরা বাজারে সোমবার প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। ঢাকার খুচরা বিক্রেতারা মঙ্গলবার সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি বিষয়ে আশাবাদী। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সোমবার সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি হয়নি। তবে খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, চিনির বাজার ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। সোমবার থেকে ব্যবসায়ীরা নির্ধারিত দামে চিনি বিক্রি শুরু করেছে। গত ২০ জুলাই মিল মালিক ও পাইকারদের সঙ্গে বৈঠকে খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়। এ দাম নির্ধারণের সময়ও বাজারে চিনি ৭৪ টাকা দরে বিক্রি হচ্ছিলো। রমজানের দেড় সপ্তাহ আগে নতুন মূল্য নির্ধারণের পর হঠাৎ করেই ঢাকাসহ মহানগরগুলোর বাজার চিনি সরবরাহ কমে যায়। পাওয়া গেলেও অনেক বেশি দামে কিনতে হয় নগরবাসীকে। এ অবস্থায় চিনি ও তেলের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে রোববার বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজারে চিনির সঙ্কটের জন্য চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতাকে দায়ী করে তা সোমবারের মধ্যেই কাটিয়ে তোলার বিষয়ে রোববারই আশ্বাস দেন ব্যবসায়ীরা। বেশি দামেই বিক্রি হচ্ছে চিনি সোমবার চট্টগ্রামের খুচরা বাজারগুলোয় ৭০-৭৫ টাকায় চিনি বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, ক্রয়মূল্য ৬৭ টাকার বেশি হওয়ায় ৭০ টাকার কমে চিনি বিক্রি সম্ভব নয়। সোমবার দুপুরে খাতুনগঞ্জের পাইকারি বাজারে আলী আব্বাস স্টোর ও এম কে স্টোরে গিয়ে এ প্রতিবেদক চিনি কিনতে চাইলে বিক্রয়কর্মীরা ৬৮ টাকা কেজিতে চিনি বিক্রি করতে রাজি হন। এ দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রয়কর্মীরা জানান, ৬৮ টাকা কেজি দরেই চিনি কিনেছি। ক্ষতি হলেও সরকারের নির্দেশ মানতে ৬৮ টাকায় চিনি বিক্রি করছি। এর কমে বিক্রি সম্ভব নয়। সোমবার নগরীর কাজির দেউড়ি, বক্সিরহাট বাজার, বহদ্দারহাট বাজার, চকবাজার, কর্ণফুলী বাজারসহ পাড়া মহল্লার দোকানগুলোতে ৭০-৭৫ টাকায় চিনি বিক্রি হয়েছে। সোমবার দুপুরে নগরীর বিভিন্ন বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা বেশি দামে চিনি বিক্রি করায় বেশ কয়েকজন বিক্রেতাকে সতর্ক করেন। 'কাঁচামাল এসে পৌঁছুবে দুই সপ্তাহে' চিনি সংকট প্রসঙ্গে মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে চিনি উৎপাদনকারী ছয়টি মিলের মধ্যে পাঁচটির উৎপাদন বন্ধ থাকায় চিনি সংকট ছিল। "গত দুয়েক দিনে অধিকাংশ মিলে উৎপাদন শুরু হয়েছে। মিল মালিকদের আমদানি করা চিনির কাঁচামাল আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে এসে পৌঁছাবে। তখন উৎপাদন আরো বেড়ে যাবে।" তিনি জানান, মেঘনা গ্র"পের আমদানি করা ৫০ টন চিনির কাঁচামালবাহী একটি জাহাজ আগামী ৭ অগাস্ট বন্দরে পৌঁছুবে। একইভাবে অন্য মিল মালিকরাও আমদানি করছেন। এসব চিনি বাজারে সরবরাহ শুরু হলে চিনির দাম ৬৫ টাকার চেয়েও কমবে বলে আশা প্রকাশ করেন খাতুনগঞ্জ বণিক সমিতির সভাপতি। মিল মালিকদের দায়ী করছেন পাইকাররা বাজারে চিনি সংকট তৈরি করার জন্য মিলমালিকদের দায়ী করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তারা বলছেন, চাহিদার বিপরিতে মিলমালিকরা সরবরাহ দেননি। এমনকি টাকা দেওয়ার দুই মাস পরও চিনি না পাওয়ার অভিযোগ করেছেন তারা। খাতুনগঞ্জ পাইকারি ব্যবসায়ী মেসার্স আর এম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলমগীর পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিল মালিকরা ব্যবাসায়ীদের চাহিদা মতো চিনি সরবরাহ দিতে পারেননি। "যেখানে দৈনিক ২০০ ট্রাক চিনি সরবরাহ করা দরকার সেখানে মিল মালিকরা দিয়েছেন সর্বোচ্চ ৫০ ট্রাক। গত কয়েক মাস ধরে এ অবস্থা চলছে। তাই বাজারে সংকট তৈরি হয়েছে।" ঢাকায় খুচরা বিক্রেতাদের আশাবাদ ঢাকার বেশিরভাগ খুচরা দোকানি জানান, তাদের কাছে চিনি নেই। তবে মঙ্গলবার থেকে তারা সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে পারবেন। পলাশী বাজারের মদীনা স্টোরের দোকানি রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার নির্ধারিত মূল্যেই চিনি বিক্রি করতে হবে। তবে তাতে আমাদের তেমন লাভ থাকবে না। শান্তিনগর বাজারের মমতাজ স্টোরের দোকানি বাবুল বলেন, গতকাল (রোববার) বিকালে মৌলভীবাজার প্রতি বস্তা চিনি ৩১০০ টাকা করে বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি চিনির পাইকারি মূল্য হয় ৬২ টাকা। "কিন্তু আজ সকালেই আবার প্রতি বস্তা চিনির দাম হয়ে গেছে ৩২০০ টাকা। তাতে প্রতি কেজি চিনির পাইকারি মূল্য হয়েছে ৬৪ টাকা। এর সঙ্গে পরিবহন খরচ মেলালে আমাদের আর লাভ থাকে না।" তিনি আরও বলেন, লাভ না হলেও অন্যান্য পণ্য বিক্রি করতে হলে তার সঙ্গে আমাদের চিনিও সরকারি নির্ধারিত দামে বিক্রি করতে হবে। নিউ মার্কেটের অধিকাংশ দোকানে চিনি না থাকলেও কয়েকটি দোকানে প্রতি কেজি ৬৫ টাকা চিনি বিক্রি হয়েছে সোমবার। বাজারে চিনির দাম নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে রোববার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এক তথ্য বিবরণীতে জানায়, দেশে চিনির মজুদ সন্তোষজনক। চিনি মজুদ ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে টিসিবি চেয়ারম্যান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ৯ অগাস্ট তলব করেছে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এসআইএম/পিডি/২২০২ ঘ.