২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মূলধন দ্বিগুণ করার নির্দেশ

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন আগামী বছরের ৩০ জুনের মধ্যে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন আগামী বছরের ৩০ জুনের মধ্যে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ রোববার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ৫০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন চেয়ে গত মে মাসে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহে মন্ত্রণালয় বিষয়টি অনুমোদন করে বাংলাদেশ ব্যাংককে ফিরতি চিঠি দেয়। রোবাবর এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়, "বাংলাদেশে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে উহার ন্যূনতম পরিশোধিত মূলধনের পরিমাণ হইবে ১০০ কোটি টাকা। তবে শর্ত থাকে যে, পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত সম্পদের ঝুঁকি-ভিত্তিক ন্যূনতম সংরক্ষিতব্য মূলধন অপেক্ষা কম হইবে না।" সার্কুলারে আরো কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো- পরিশোধিত মূলধনের ঘাটতি অংশ ২০১২ সালের ৩০ জুনের মধ্যে পূরণ করতে হবে; পরিশোধিত মূলধন সংগ্রহের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রযোজ্য ক্ষেত্রে আইপিও বা রাইট শেয়ার বা বোনাস শেয়ার ইস্যু করতে পারবে; পরিশোধিত মূলধন ঘাটতি থাকা অবস্থায় কোনো প্রতিষ্ঠান নগদে লভ্যাংশ দিতে পারবে না এবং এ আদেশ কার্যকরের বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ২৯টি। এর মধ্যে ২১টি পুঁজিবাজারে নিবন্ধিত। এদের মধ্যে তিনটি ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকার নিচে। এ তিনটি প্রতিষ্ঠান হলো- প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। এর আগে ২০০৯ সালের নভেম্বরে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ২৫ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। গত ডিসেম্বরের মধ্যে এটা করতে বলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/জেকে/২২৩৭ ঘ.