২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনির পেছনে ডিওর 'ভূত'

বহুআলোচিত ডিওর (ডেলিভারি অর্ডার) মাধ্যমে ভোজ্যতেল ও চিনি সরবরাহ বন্ধে মিল মালিকদের আবারো নির্দেশনা পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা না মানায় কয়েকজন ডিও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুআলোচিত ডিওর (ডেলিভারি অর্ডার) মাধ্যমে ভোজ্যতেল ও চিনি সরবরাহ বন্ধে মিল মালিকদের আবারো নির্দেশনা পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা না মানায় কয়েকজন ডিও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি চলছে। চিনি ও ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ২৩ মার্চ সরকার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ জারি করে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা ডিও পদ্ধতি বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্ত ২১ জুন থেকে কার্যকর হলেও ব্যবসায়ীদের কেউ কেউ এখনো ডিও পদ্ধতির মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারক (মনিটরিং) দল। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরেজমিনে আমাদের মনিটরিং দল দেখেছে- এখনও ডিও ব্যবসা চলছে। এক হাত থেকে অন্য হাতে ঘুরে ঘুরে ডিওর দাম বাড়ছে।" ডিওর মাধ্যমে চিনি বা ভোজ্যতেল বিক্রি না করার বিষয়ে রোববার মিল মালিকদের আবার নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান তিনি। মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে, "অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ কার্যকর হওয়ার পর ডিও ব্যবসার আর কোনো সুযোগ নেই। ২১ জুনের আগে ডিও ইস্যু করা হয়েছে অথচ এখনও পণ্য সরবরাহ হয়নি, এমন ক্ষেত্রেও আর পণ্য সরবরাহ করা যাবে না।" সরকারের নিষেধাজ্ঞা না মানায় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসকের বাণিজ্য শাখার নির্বাহী হাকিম আবু বাশার মো. ফখরুজ্জামান। রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল (সোমবার) কয়েকজন ডিও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হতে পারে।" পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস বাজারে চিনির সঙ্কটের জন্য চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতাকে দায়ী করে সোমবারের মধ্যে তা মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের সঙ্গে বৈঠকে মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, সোমবারের মধ্যে বাজারে নির্ধারিত দর অর্থাৎ ৬৫ টাকা কেজিতে চিনি পাওয়া যাবে। গত ২০ জুলাই মিল মালিক ও পাইকারদের সঙ্গে বৈঠকে খুচরা বাজারে প্রতি কেজি চিনির সর্বোচ্চ দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়। ওইদিনও বাজারে ৭৪ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছিলো। রমজানের দেড় সপ্তাহ আগে নতুন মূল্য নির্ধারণের পর হঠাৎ করেই ঢাকাসহ মহানগরগুলোর বাজার থেকে চিনি 'উধাও' হয়ে যায়। কোথাও কোথাও পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। রোববার বৈঠকের পর মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "সাপ্লাই ও ডিমান্ডের ঘাটতি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছিলো। ঢাকায় যে পরিমাণ সরবরাহ পাওয়ার কথা ছিলো, তা হয়নি। উল্টো জেলা পর্যায়ে সরবরাহ বেড়ে গিয়েছিলো।" এছাড়া ডিও প্রথা তুলে দিয়ে পরিবেশক প্রথা চালু করায় প্রাথমিক পর্যায়ে এই সমস্যা বেড়েছে বলেও মনে করেন তিনি। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন চিনির চাহিদা ৪ হাজার টন। সরবরাহ স্বাভাবিক করতে মিল মালিকরা ঢাকায় সরবরাহ বাড়ানোর প্রতিশ্র"তি দিয়েছেন জানিয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, "আগামীকাল (সোমবার) থেকে খুচরা বাজারে ৬৫ টাকা কেজি দরে চিনি পাওয়া যাবে।" ঢাকার পাইকারি বাজার মৌলবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা এই সঙ্কটের জন্য দায়ী করছেন মিল মালিকদের। আর দেশবন্ধু সুগার মিলের চেয়ারম্যান মোস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন, তারা ঢাকায় চিনি সরবরাহ বাড়াবেন। তাহলে আর সঙ্কট থাকবে না। মজুদ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্পোরেশনের গুদামে বর্তমানে ৫০ হাজার টন চিনি মজুদ রয়েছে। এই মজুদকে 'সন্তোষজনক' উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে আমদানির জন্য ২০ হাজার টন চিনির জাহাজিকরণ শেষ হয়েছে। শিগগিরই তা চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। এছাড়া স্থানীয় বাজার থেকে ২০ হাজার টন চিনি কেনা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ জুলাই পর্যন্ত বেসরকারি চিনিকলগুলোতে মোট ৭৫ হাজার টন চিনি মজুদ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিবি/জেকে/২০৪০ ঘ.