চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে চালের বাজার স্থিতিশীল রাখতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর নগরীতে আবারও খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল থেকে নগরীর ৩০টি পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমে আরা বেগম ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৩ টন করে চাল বিক্রি করা হবে। একজন ক্রেতা প্রতিদিন সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। ওএমএস'র অধীনে প্রতি কেজি সিদ্ধ চাল বিক্রি করা হবে ২৪ টাকায়।
শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিন ওএমএস কার্যক্রম চলবে।
রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানালেও কতদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে তা জানাতে পারেননি নাজমে।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে গত ৩১ মে পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/আরএ/১৮২২ ঘ.
bdnews24