ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি পূরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স ও পেট্রোবাংলার মাধ্যমে সুনামগঞ্জ- নেত্রকোনা গ্যাস ক্ষেত্র থেকে অবিলম্বে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের সামনে ওই কমিটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, বাপেক্স ও পেট্রোবাংলার আবিষ্কার করা সুনামগঞ্জ-নেত্রকোনা এবং অন্য বন্ধ গ্যাসকূপগুলো থেকে অবিলম্বে গ্যাস উত্তোলনের কাজ শুরু করতে হবে।
এছাড়া চালু গ্যাসকূপগুলো থেকে উৎপাদন বাড়ানো, পিএসসি-২০০৮ ও সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল এবং জাতীয় সম্পদ রপ্তানী নিষিদ্ধকরণ আইন পাশ ও তা কার্যকর করার দাবি জানান তারা।
সুনেত্র গ্যাসক্ষেত্রে চার থেকে পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে দাবি করে জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "এখন গ্যাস উত্তোলনের কাজ শুরু হলে আগামী ৪ বছরের মাথায় তা ব্যবহার করা সম্ভব হবে।"
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটিডে (বাপেক্স) ও বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল কর্পোরেশনকে (পেট্রোবাংলা) দিয়ে গ্যাস উত্তোলনে দেশের স্বার্থ রক্ষিত হবে উল্লেখ করে তিনি বলেন, "পুঁজির অভাবের কথা বলে সরকার বারবার বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস উত্তোলনের কাজে নিয়োগ দিয়েছে। অথচ এই কাজের জন্য পাঁচশ' কোটি টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়। প্রতি বছর পেট্রোবাংলা যেখানে সরকারকে ৩ হাজার কোটি টাকার বেশি কর দেয় সেখানে ওই টাকা ব্যয়ে এই প্রতিষ্ঠানগুলোকে দিয়েই কাজ করানো যায়।"
বঙ্গোসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস উত্তোলনে মার্কিন প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি এবং রপ্তানিমুখী মডেল পিএসসি-২০০৮ বাতিলসহ সাত দফা দাবিতে গত ১৫ জুলাই প্রায় ৪ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে জাতীয় কমিটি।
ওই সব কর্মসূচির মধ্যে রয়েছে- ২৭ থেকে ৩১ জুলাই ঢাকা থেকে পঞ্চগড়, সুনামগঞ্জ, মংলা, কক্সবাজার ও বরগুনা পর্যন্ত জনসংযোগ কর্মসূচি, ১৯ অগাস্ট ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সভা, ২৬ অগাস্ট দেশব্যাপী ফুলবাড়ি দিবস পালন এবং উন্মুক্ত খনি চক্রান্ত বন্ধের দাবিতে সমাবেশ, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর বঙ্গোপসাগর অভিমুখে লংমার্চ, ২২ থেকে ২৫ অক্টোবর পিএসসি ২০১১ এর প্রক্রিয়া বন্ধ এবং জাতীয় সংস্থার মাধ্যমে সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরুর দাবিতে ঢাকা থেকে সুনেত্রমুখী (সুনামগঞ্জ-নেত্রকোনা) লংমার্চ এবং সর্বশেষ ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।
বাসদের কেন্দ্রীয় নেতা জুলফিকার আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন ও বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স ও খান আসাদুজ্জামান মাসুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ফিরোজ আহমেদ, সিটিজেনস রাইট মুভমেন্টের তুষার রেহমান, ওয়ার্কার্স পার্টির অনুপ কুণ্ডু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২২১৬ ঘ.
bdnews24