২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে অনলাইন লেনদেনের মহড়া শুরু

ব্রোকারেজ হাউজগুলোকে নিয়ে অনলাইন ট্রেডিংয়ের মহড়া শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কর্তৃপক্ষ বলছে, এ প্রক্রিয়া চালু হলে সাধারণ বিনিয়োগকারীরাও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি লেনদেনে অংশ নিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রোকারেজ হাউজগুলোকে নিয়ে অনলাইন ট্রেডিংয়ের মহড়া শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কর্তৃপক্ষ বলছে, এ প্রক্রিয়া চালু হলে সাধারণ বিনিয়োগকারীরাও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি লেনদেনে অংশ নিতে পারবেন। বুধবার বিকেল ৪ টায় ডিএসই ট্রেনিং একাডেমিতে সংস্থার সভাপতি শাকিল রিজভী মেম্বার সার্ভার এপ্লিকেশন (এমএসএ) প্লাস সফটঅয়্যারের মাধ্যমে এই মহড়ার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, ব্রোকারেজ হাউজগুলো ১৮ আগস্ট পর্যন্ত বিকাল সাড়ে ৪টার পর এক ঘণ্টা করে এই সফটঅয়্যারের মাধ্যমে লেনদেনের মহড়া (মক ট্রেডিং) দেবে। ইতোমধ্যে ১৩০টি ব্রোকারেজ হাউজ এ জন্য নিবন্ধন করেছে। অন্য হাউজগুলোও শিগগিরই এতে অংশ নেবে বলে শাকিল রিজভী জানান। ভারতের কেবব্রিজ সলিউশনস লিমিটেডের তৈরি এমএসএ প্লাস ট্রেডিং সফটঅয়্যারের উদ্বোধন করে ডিএসই সভাপতি বলেন, "ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সময় কাগজের মাধ্যমে শেয়ার লেনদেন হতো। সেই জায়গা থেকে আজকের এই সফটঅয়্যার প্রচলন ডিএসইর ইতিহাসে একটি ঐতিহাসিক পদক্ষেপ।" সাধারণ বিনিয়োগকারীদের কথা বিবেচনায় রেখেই এই সফটঅয়্যার চালু করা হচ্ছে উল্লেখ করে শাকিল রিজভী বলে, "এটি চালু হলে সাধারণ ইনভেস্টরদের আর ব্রোকারেজ হাউজে আসতে হবে না। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে ব্রোাকারেজ হাউজে যোগাযোগ করে তারা লেনদেনে অংশ নিতে পারবেন।" এই সফটঅয়্যার সবার কাছে বোধগম্য হবে কি না- এমন প্রশ্নের জবারে তিনি বলেন, "আমরা বিভিন্ন সফটঅয়্যার পরীক্ষা ও পর্যালোচনার করেই এটি নির্বাচন করেছি। সাধারণ মানুষের এটি বুঝতে সমস্যা হবে না বলেই আমরা আশা করি।" অনলাইনে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতি কবে নাগাদ চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, "২১ কার্যদিবস পরীক্ষামূলক লেনদেনের পর এ বছরই আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করতে পারব বলে আশা করছি।" বর্তমানে ডিএসইতে 'টেসা' সফটঅয়্যারের মাধ্যমে লেনদেনের হিসাব রাখা হয়। এর বদলে এমএসএ প্লাস সফটঅয়্যার চালুর জন্য গত মে মাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে বিভিন্ন ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। তিনটি ব্রোকারেজ হাউসের পাঁচজন করে প্রতিনিধি বুধবার থেকে শুরু হওয়া লেনদেনের মহড়ায় অংশ নেন। অন্যদের মধ্যে ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, সেক্রেটারি শেখ মাহমুদউল্লাহসহ ডিএসই পরিচালনা পর্ষদের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/২২৪৪ ঘ.