ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "এটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে এখন একটু ওঠানামা করবে।"
বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নেতাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। এ দিন এ বছরের সর্বোচ্চ ১ হাজার ৭৬৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
বৈঠকে বিএপিএলসি সভাপতি সালমান এফ রহমান পুঁজিবাজারের জন্য বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন।
তিনি বলেন, "বাজার অস্থিতিশীল হওয়ার পর অনেকেই বলেছিলেন বাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে সময় লাগবে। কিন্তু অল্প সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরে এসেছে।"
কিন্তু এখন বাজারের স্থিতিশীলতা রাখতে হবে- মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, "বাজারে ইনডেক্স ইস্যু নয়। কারণ নতুন শেয়ার প্রবেশ করলে ইনডেক্স বাড়বেই। বাজারের গড় পিই রেশিও ঠিক আছে কি না সেটাই দেখার বিষয়।"
বাজার স্থিতিশীলতার জন্য নতুন শেয়ারের সরবরাহ বাড়ানোর প্রয়োজন উল্লেখ করে সালমান রহমান বলেন, "বাজার মুভ করছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সাপ্লাই বাড়াতে হবে। গত বছর যখন বাজার মুভ করছিল তখন রুলস ও রেগুলেশনস দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। সাপ্লাই বাড়িয়ে দিলে সমস্যা হতো না।"
শেয়ারের পরিামাণ অনুযায়ী তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর হারের পরিবর্তন আনার দাবি জানিয়ে সালমান এফ রহমান বলেন, "বাজারে যে প্রতিষ্ঠানের ৫ শতাংশ শেয়ার রয়েছে সেও যে হারে কর দিচ্ছে, ৫০ শতাংশ শেয়ার রয়েছে এরকম প্রতিষ্ঠানও একই হারে কর দিচ্ছে। এটা পরিবর্তন করে যেসব প্রতিষ্ঠান বেশি শেয়ার ছাড়বে তাদের কর হার কম করা উচিত।"
বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট করের হার ২৭ দশমিক ৫০ শতাংশ।
বড় পরিশোধিত মূলধনের শেয়ারকে মূল বাজারে রেখে ছোট পরিশোধিত মূলধনের শেয়ার ও জেড ক্যাটাগরির শেয়ার আলাদা বাজারে লেনদেন করার জন্য প্রস্তাব করেন সালমান এফ রহমান। এছাড়া প্রাথমিক গণপ্রস্তাবের সময় সংগ্রহ করা প্রিমিয়ামের অর্থের ওপর কর আরোপ না করারও প্রস্তাব করেন তিনি।
তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী।
তিনি বলেন, "সরকারি শেয়ার আমরা বাজারে আনছি। এর মধ্যে কিছু আসবে। কয়েকটা আসতে একটু দেরি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১৪৭ ঘ.
bdnews24