২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাজার তদারকিতে ১৪ ভ্রাম্যমাণ আদালত

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে। রোববার এক আদেশে এসব আদালত গঠন করা হয় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শওকত আলী ওয়ারেছী। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঢাকার ২৬টি বাজারে এসব মোবইল কোর্ট কাজ শুরু করেছে। একজন উপসচিব ও একজন ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন প্রতিটি ভ্রাম্যমাণ আদালতে।" রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে চট্টগ্রামেও মঙ্গলবার বাজার তদারকিতে নেমেছে চট্টগ্রাম জেলা বাজার মনিটরিং কমিটি। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি 'মনিটরিং টিম' রাজধানীতে বাজার তদারকি চালিয়ে যাচ্ছে। এদিকে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজার তদারকির জন্য পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ জন্য ভ্রাম্যমাণ আদালতের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আদালত। ওয়ারেছী বলেন, "আগে বাণিজ্য মন্ত্রণালয়ের আটটি মনিটরিং দল বাজার তদারকি করতো। এখন আরো ক্ষমতা দিয়ে মোট ১৪টি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। "এরা শুধু মনিটরিংই করবে না, অসাধু ব্যবসায়ীদের আর্থিক দণ্ড এবং প্রয়োজনে অন্য দণ্ডও দেবে," যোগ করেন তিনি। যুগ্মসচিব বলেন, "ভ্রাম্যমাণ আদালত গঠনের আদেশে ভোজ্যতেল ও চিনির বাজার দেখভালের বিষয়ে জোর দেওয়া হয়েছে। তারা যদি দেখেন, কেউ বেশি দাম নিচ্ছেন, তাহলে দণ্ড দেবেন।" রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে গত এক বছরে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৫২ শতাংশ এবং পামওয়েলের দাম বেড়েছে ৪৫ দশমিক ৮৬ শতাংশ। একইভাবে গত এক বছরে চিনির দাম বেড়েছে ৬০ দশমিক ২৩ শতাংশ। রোজার পর বাজার তদারকি বন্ধ হয়ে যাবে কি না জানতে চাইলে যুগ্মসচিব বলেন, "তখন প্রয়োজন অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০১৫ ঘ.