২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁকড়া রপ্তানিতে ২০০৯-১০ অর্থবছরে আয় ৩৭৫ কোটি টাকা

বাংলাদেশ ২০০৯-১০ অর্থবছরে কাঁকড়া রপ্তানি করে ৩৭৫ কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ২০০৯-১০ অর্থবছরে কাঁকড়া রপ্তানি করে ৩৭৫ কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে। এ সময় বাংলাদেশ সাত হাজার ৭০৭ দশমিক ৭০ মেট্রিক টন কাঁকড়া উৎপাদন করে ছয় হাজার ৩৪৭ দশমিক ৭০ মেট্রিক টন রপ্তানি করে। চীন, জাপান, কোরিয়া ও তাইওয়ানসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে এ কাঁকড়া আমদানি করেছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। বুধবার থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে তিনি তার সরকারি বাসভবন গণভবন পুকুরে মাছের পোনা ছাড়বেন। জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপি কর্মসূচি সংবাদ সম্মেলনে তুলে ধরেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। রপ্তানিমুখী কাঁকড়ার বাণিজ্যিক উৎপাদন বৃদ্ধিতে দেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো দেশে কাঁকড়ার কিছু চাষ হচ্ছে। বাণিজ্যিকভাবে উৎপাদনে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। 'নিরাপদ মাছে ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ' স্লোগানে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩০ ঘ.