২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ মাসে ইলিশ থেকে আয় ৩শ কোটি টাকার বেশি

বিদায়ী অর্থবছরের মে মাস পর্যন্ত ইলিশ রপ্তানি করে তিনশ ৩৪ কোটি আয় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী অর্থবছরের মে মাস পর্যন্ত ইলিশ রপ্তানি করে তিনশ ৩৪ কোটি আয় হয়েছে। ওই সময়ে দেশে আহরিত ইলিশের পরিমাণ প্রায় তিন লাখ ৩৪ হাজার মেট্রিক টন। এর মূল্য প্রায় আট হাজার ৩৫০ কোটি টাকা। এর মধ্যে আট হাজার ৩২১ মেট্রিক টন বিদেশে রপ্তানি করে ৩৩৪ কোটি টাকা (ডলারপ্রতি ৭০ টাকা দরে) আয় হয়েছে। এর আগের অর্থবছরে (২০০৯-১০) দেশে আহরিত তিন লাখ ১৩ হাজার মেট্রিক টন ইলিশের মধ্যে মাত্র একশ ২৪ কোটি টাকার ইলিশ রপ্তানি করা সম্ভব হয় বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে। বিদায়ী ২০১০-১১ অর্থবছরের ১১ মাসে ইলিশের আহরণ বেড়েছে আগের বছরের তুলনায় ২৫ হাজার মেট্রিক টন। এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, দেশে উৎপাদিত মোট মাছের মধ্যে ইলিশ ১২ শতাংশ এবং জিডিপিতে ইলিশ মাছের একক অবদান প্রায় এক শতাংশ। তিনি বলেন, এ বছর দেশে পর্যাপ্ত ইলিশ ধরা পড়েছে। তবে এ মাছের টেকসই উৎপাদন বৃদ্ধি নির্ভর করে জলজ পরিবেশ, প্রজনন সফলতা, জাটকা বাঁচার হার এবং আহরণমাত্রা বা মাছ ধরার পরিমাণের ওপর। মন্ত্রী বলেন, ইলিশ মাছের সহনশীল উৎপাদন বৃদ্ধির জন্য ডিমওয়ালা মাছ রক্ষা, অবাধ প্রজনন সুবিধা সৃষ্টি, অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা এবং সর্বোপরি জেলেদের আপদকালীন খাদ্য সহায়তা প্রদান ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জেলেদের জাটকা আহরণ বন্ধ রাখতে ভিজিএফ কর্মসূচির আওতায় ফেব্র"য়ারি থেকে মে মাস পর্যন্ত জাটকা-সমৃদ্ধ ১৫ জেলার ৮৫টি উপজেলায় এক লাখ ৮৬ হাজার ২৬৪ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এতে দেওয়া খাদ্য সহায়তা মোট পরিমাণ ১৪ হাজার ৪৭০ দশমিক ৬৪ মেট্রিক টন। এছাড়া জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্পের আওতায় চার জেলার ২১ উপজেলায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ছয় হাজার ৮২৫ পরিবারকে উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১১৬ ঘ.