২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের ১৭ দফা প্রস্তাব বিবেচনার আশ্বাস এসইসির

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ১৭ দফা প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ১৭ দফা প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসি। মঙ্গলবার বিকাল ৪টায় এসইসি ভবনে বিনিয়োগকারীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের সঙ্গে এক সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ১৭ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- এসইসি, ডিএসই, সিএসইর সভায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ডিএসই ও সিএসইর পরিচালনা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ কাঠামো থেকে আলাদা করা (ডি-মিউচ্যুয়ালাইজেশন); অপ্রদর্শীত আয় পুঁজিবাজারে খাটানোর ক্ষেত্রে সরকার যে নিয়ম চালু করেছে তা ট্রেজারি বন্ডের ক্ষেত্রেও কার্যকর করা; ডিএসইর সাধারণ সূচক ৮ হাজার পয়েন্টে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা; অযৌক্তিক হারে প্রিমিয়াম নিয়ে প্রাইমারি শেয়ার ও রাইট শেয়ার বাজারে আসা বন্ধ করা এবং এসইসি ব্যাঙ্ক প্রতিষ্ঠা করে পুুঁজিবাজারের চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন। বৈঠকে এসইসির চেয়ারম্যান এম. খায়রুল হোসেনের কাছে এসব প্রস্তাব তুলে ধরে ইনভেস্টরস ফোরাম। ফোরামের আহ্বায়ক আব্দুল মান্নান বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "২০১০ সালের ৬ ডিসেম্বর পুুঁজিবাজারের মহাধসে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তবে আশার কথা হলো- আমাদের প্রস্তাবগুলো এসইসি বিবেচনার আশ্বাস দিয়েছে।" ২০১০ সালের শেষভাগে পুঁজিবাজারে ব্যপক অস্থিরতা শুরুর পর চলতি বছরের শুরুতে সরকার একটি তদন্ত কমিটি করে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী এসইসিকে ঢেলে সাজানো হয়। এছাড়া বাজার স্থিতিশীল করতে নতুন অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করাসহ বেশ কিছু সুযোগ রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/২২৫৪ ঘ.