দিনাজপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করার দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
বেলা ১টার দিকে তারা খনি গেট থেকে মিছিল বের করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এহসানুল হক সোহাগ, জিয়াউর রহমান, আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, খনিতে শ্রমিকরা অস্থায়ী ভিত্তিতে রয়েছে। চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি ৭২ মাসের জন্য তাদের নিয়োগ দিয়েছে। আগামী ১০ অগাস্ট প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিকদের চুক্তি শেষ হবে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর খনিতে তাদের চাকরি স্থায়ী করার দাবি জানানো হয় সমাবেশে।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিতে শ্রমিক নিয়োগের কোনো সুযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24