ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষয়তায় যে-ই থাকুক বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত।
মঙ্গলবার ঢাকায় থাইল্যান্ড দূতাবাসে 'থাই ফেয়ার' উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ে সেদেশের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিনাশ্যারোয়েন এ কথা বলেন।
আগামী ১৪ জুলাই তিন দিনব্যাপী মেলার উদ্ধোধন হবে। দূতাবাস প্রাঙ্গণে মেলায় থাকবে ৫৮টি স্টল।
তাসানাওয়াদি বলেন, "কে ক্ষমতায় রয়েছে সেটা কোনো ব্যাপার নয়, আমি আপনাদের নিশ্চিত করছি বাংলাদেশ এবং থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। গত অর্থবছরে দু'দেশের মধ্যে বণিজ্যের পরিমাণ ১০০ কোটি ডলার অতিক্রম করেছে এবং তা বৃদ্ধি পাচ্ছে।
সপ্তম জাতীয় নির্বাচনে জয়ের পর ইংলাক সিনাওয়াত্রা হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষাপটে থাই রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, "দুই তিন বছর আগেও থাই দূতাবাস ৪০ হাজার ভিসা দিয়েছিলাম। তবে বর্তমানে তা বেড়ে ৭০ হাজারে দাঁড়িয়েছে।"
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এএল/১৭৪৪ ঘ.
bdnews24