২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বন্দর বর্জন করতে পারে সিঙ্গাপুর: আজাদ

হরতাল কর্মসূচি চলতে থাকলে বাংলাদেশের বন্দরগুলো সিঙ্গাপুর বর্জন করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি এ কে আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- হরতাল কর্মসূচি চলতে থাকলে বাংলাদেশের বন্দরগুলো সিঙ্গাপুর বর্জন করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি এ কে আজাদ। রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, "আজ আমাকে কন্টেইনার অ্যাসোসিয়েশন জানিয়েছে চট্টগ্রাম ও মংলা পোর্টে এ কয়দিনের হরতালে ১১ হাজার কন্টেইনার জমে গেছে। এই কন্টেইনারগুলো খালি হতেই ১৫ দিন সময় লাগবে। আরও নতুন কন্টেইনার তো আসতেই থাকবে। এভাবে চলতে থাকলে সিঙ্গাপুর বাংলাদেশের পোর্টগুলো বর্জন করতে পারে।" ফিফথ ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিকাল প্রোডাক্টস, ম্যাশিনারি অ্যান্ড র ম্যাটেরিয়ালস ট্রেড শো'র সমাপনী ও বিমা'র রজতজয়ন্তী অনুুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে সন্ধ্যায় এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ইলেক্ট্রিকাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমা) ও এসএমই ফাউন্ডেশন। হরতাল প্রসঙ্গে আজাদ প্রশ্ন তোলেন, "একটি নির্বাচিত সকারের আড়াই বছরে দেশে এমন কী হয়েছে এরকম ঘন ঘন হরতাল দিতে হবে? যারা হরতাল ডেকেছেন তারা কে কী পেয়েছেন? এতে দেশের মানুষের কী লাভ হয়েছে? আপনারা কয়জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন?" ১০ কোটি মানুষের অংশগ্রহণে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে- এ কথা উল্লেখ করে আজাদ বলেন, তারা ভুল করতে পারে, তাদের দোষ হতে পারে। ৫ বছর পর নির্বাচনে জনগণই তার রায় দেবে। "হরতাল ডেকে, বাসে আগুন দিয়ে মানুষ মারলে তাতে সাধারণ মানুষের কোনো লাভ হয় না।" সাংসদদের উদ্দেশ্যে শিল্প বণিক সমিতির সভাপতি আজাদ বলেন, সংসদে শুল্কমুক্ত গাড়ি আমদানির বিল পাশ হলো। সব সাংসদ বাহবা দিলেন। কিন্তু এতে দেশে হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। তারপরও এ বিষয়ে কোনো সংসদ বিরোধিতা করলেন না। সুবিধা পাওয়ার বিষয়ে সবাই একমত হলেন। বিমা'র সভাপতি এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২৩০৭ ঘ.