২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল অপারেটর: নিরীক্ষক নিয়োগের স্থগিতাদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এ স্থগিতাদেশ বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ হয়েছে। রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। গত ২৩ জুন হাইকোর্টের একটি বেঞ্চ ওই দুই মোবাইল অপারেটর কোম্পানির নিরীক্ষক প্রতিষ্ঠানের নিয়োগ চার মাসের জন্য স্থগিত করে। এরপর বিটিআরসির আবেদনে গত ৫ জুলাই ওই স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি আপিলের অনুমতি চেয়ে আবেদন করে বিটিআরসি। ওই আবেদনের ওপর শুনানি করে রোববার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। বিটিআরসির পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। কে এম আলম অ্যান্ড কোম্পানি নামে হাইকোর্টে রিট আবেদনকারী প্রতিষ্ঠানের পক্ষে অংশ নেন শেখ মোহাম্মদ মোরশেদ। শেখ মোহাম্মদ বলেন, হাইকোর্টের আদেশে চেম্বার বিচারপতির স্থগিতাদেশ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার আবার শুনানি হবে। বিটিআরসি গত এপ্রিল মাসে এম এ ফজল অ্যান্ড কোম্পানিকে গ্রামীণফোন এবং আহমেদ জাকের অ্যান্ড কোম্পানিকে বাংলালিংক নিরীক্ষার কাজ দেয়। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আজিজ হালিম খায়ের চৌধুরীর ফার্ম নামে অন্য একটি প্রতিষ্ঠানকে বাংলালিংকের নিরীক্ষার কাজ দেওয়া হয়। ওই নিয়োগ বিধি-বহির্ভূতভাবে দেওয়া হয়েছে দাবি করে মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে আমার মক্কেল নিয়ম অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পর্যালোচনা পরিষদে অভিযোগ জানায়। তারা এই নিয়োগ বাতিল করতে বললেও বিটিআরসি তা পালন না করে নিরীক্ষার কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। "ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা আদালতে রিট করি। এর প্রেক্ষিতে আদালত ওই দুই প্রতিষ্ঠানের নিয়োগ স্থগিত করে দেয়।" গত মঙ্গলবার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সপ্রাপ্ত টেলিকম অপারেটরদের অডিট করাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী আবেদনকারী ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে রিট আবেদনকারী কে এম আলম অ্যান্ড কোম্পানিসহ ছয়টিকে রাখা হয়। প্রকাশিত ওই বিজ্ঞপ্তির অন্যতম শর্ত ছিলো, গত তিন বছরের মধ্যে কোনো টেলিকম অপারেটরের নিরীক্ষা কাজে অংশগ্রহণকারী সব অডিট ফার্ম আবেদনের অযোগ্য হবে। এই শর্ত অনুয়ায়ী প্রতিষ্ঠানটি আবেদনের অযোগ্য হলেও সেই তথ্য গোপন করে তারা আবেদন করে। পরে এ বিষয়টি নজরে আসার পর তাদের আবেদন বাতিল করা হয়। হাইকোর্টের স্থগিতাদেশের আগ পর্যন্ত বিটিআরসির নিয়োগ দেওয়া অডিট ফার্ম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর বিধান অনুযায়ী গ্রামীণ ফোন লি. এবং ওরাসকম বাংলাদেশ লি.-এর নিরীক্ষা কার্যক্রম করছিলো বলেও দাবি করা হয় ওই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চেম্বার আদালতে আদেশের পর নিয়োগকৃত অডিট ফার্ম তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮২৬ ঘ.