ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান মনে করেন, 'হিসাবহীন' টাকা বিনিয়োগ না হলে তা জব্দ করা উচিত।
রোববার রাজধানীতে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "যে টাকার হিসাব দিতে পারি না, সেই টাকা জব্দ করা উচিত।"
মূল্য সংযোজন কর (মূসক) দিবস ২০১১ উপলক্ষে আয়োজিত ওই সভা শেষে সাংবাদিকরা অপ্রদর্শিত আয় বিনিয়োগে চলতি অর্থবছরে সরকারের দেওয়া সুযোগ বিষয়ে জানতে চান।
জবাবে মসিউর রহমান বলেন, "বিনিয়োগের অর্থ নয়। যে টাকা বিনিয়োগ হচ্ছে না, অথচ আয়ের উৎস জানাতে পারছে না সে টাকা জব্দ করা উচিত।"
চলতি অর্থবছরের বাজেটে সরকারি ট্রেজারি বন্ড ও পুঁজিবাজারে 'কালো' টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ দুখাতে ১০ শতাংশ হারে কর দিয়ে বিনিয়োগ করলে অর্থের উৎস জানতে চাওয়া হবে না।
মূসক দিবসের আলোচনা সভায় 'কালো' টাকার বিষয়টি প্রথম উত্থাপন করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি সভাপতি এ কে আজাদ।
তিনি বলেন, "কালো টাকা সাদা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি টাকা উপার্জন করে ৬২ শতাংশ (সাড়ে ৩৭ শতাংশ কর্পোরেট ও ২৫ শতাংশ আয়কর) কর দিচ্ছি। আর আরেকজন ১০ শতাংশ কর দেবে। এটা কি আমার প্রতি অবিচার না?"
"এনবিআরের সাবেক এক চেয়ারম্যান একজন কর্মকর্তার ব্যাংক হিসাবে ১০ কোটি টাকার সন্ধান পেয়েছিলেন। কিন্তু এত টাকা কোথায় পেল তখন তা জানাতে পারেনি ওই কর্মকর্তা। ওই কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন।"
এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালে মশিউর রহমান অর্থ বাজেয়াপ্ত করা উচিত বলে মন্তব্য করেন।
মূসক দিবস
দেশে প্রথমবারের মতো মূসক দিবস পালিত হলো রোববার। এ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "আমাদের কাজকর্ম করার সাধ ও সাধ্যের মধ্যে পার্থক্য রয়েছে। সাধ্যের মধ্যে আনতে হলে বেশি রাজস্ব আদায় প্রয়োজন।"
গত অর্থবছরে (২০১০-১১) এনবিআরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৮৪ শতাংশ। অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৭২ হাজার ৫৯০ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৭৫ হাজার ৬০০ কোটি টাকা করা হয়। তবে বছর শেষে আদায় হয়েছে ৭৮ হাজার ৬৫১ কোটি ৮৬ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরের ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮৫ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯১ হাজার ৮৭০ কোটি টাকা।
কর আদায় ব্যবস্থার আরো উন্নতি করতে হবে জানিয়ে মুহিত বলেন, "মূসক হচ্ছে দেশসেবায় আপনার (জনগণ) অংশগ্রহণ। মূসক মানে হয়রানি নয়।"
কর আদায় যেন হয়রানিমূলক না হয় সে বিষয়ে ধারণা তৈরি করতেই দেশে মূসক দিবস পালন করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
মশিউর রহমান বলেন, বিনিয়োগের ওপর কর না বাড়িয়ে উপড়ি আয়ের ওপর কর বাড়ানো উচিত।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ জানান, আগামী অর্থবছর থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে আলোচনা সভায় কর প্রশাসনের দুর্নীতির সমালোচনা করেন একজন ব্যবসায়ী।
এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য এম এস সিদ্দিকী বলেন, "আপনারা মূসক দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের দুর্নীতির কথা বলেন। অথচ আপনাদের দুর্নীতির কথা বলেন না।"
এদিকে হরতাল বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, "দেশ ও অর্থনীতিকে জিম্মি রেখে একটা জেদ প্রকাশ করছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮১৫ ঘ.
bdnews24