ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০ কোটি মানুষকে ২০১০ সালে তিন হাজার কোটি টাকার সেবা দেওয়ার দাবি করেছে বেসরকারি সংস্থা 'ব্রাক'।
শনিবার রাজধানীর টি কে ভবনের 'যাত্রী' মিলনায়তনে বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এ দাবি করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুব হোসেন।
মাহবুব হোসেন বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২০১০ সালে সারা দেশের ১০ কোটি মানুষের কাছে পৌঁছেছে ব্রাক। এতে তিন হাজার কোটি টাকার মতো ব্যয় হয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দেশব্যাপী গ্রামীণ মানুষকে স্বাস্থ্যসেবা, পিছিয়ে পড়া এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার ব্যবস্থা করা, ঝরে পড়া রোধে প্রি-প্রাইমারি শিক্ষার ব্যবস্থা করা, পরিকল্পিত পরিবার গড়তে সহায়তা দেওয়া, সরকারি বিভিন্ন কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষকে সংযোগ ঘটিয়ে দেওয়া, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসা, ক্ষুদ্র ঋণ দেওয়া, পরিবার পরিকল্পনা ইত্যাদি।
মাহবুব বলেন, তিন হাজার কোটি টাকা ব্যয়ের ৩০ ভাগ দাতাদের অনুদান। বাকি ৭০ভাগ অভ্যন্তরীণভাবে সংগ্রহ করা হয়।
ঋণের সুদ বেশি কেন- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ১২ শতাংশ সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে দরিদ্রদের দিয়ে থাকি। এ কাজে আরো ১২ শতাংশ খরচ হয়ে যায়। প্রান্তিক এসব ঋণগ্রহীতাদের প্রকল্প ব্যর্থ হওয়ার কারণে কিছু কিছু ঋণের টাকা আর ফিরত আসে না। যাচাই বাছাইয়ের করে তিন বছর পর পর এধরণের প্রকল্পগুলোকে আমরা 'রাইট অফ' করে থাকি।
"রাইট অফের মাধ্যমে প্রকল্প ব্যর্থ হলে সামর্থহীন ঋণগ্রহীতারা দায়মুক্তি পেয়ে থাকেন। এজন্য আরো তিন শতাংশ যোগ করে মোট ২৭ শতাংশ সুদ নিয়ে থাকি।"
ব্রাকের নির্বাহী পরিচালক জানান, বাংলাদেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, তানজানিয়া, উরগুয়ে, উগান্ডা, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, সিয়েরালিয়ন এবং হাইতিতে ব্রাক কাজ করছে।
তিনি ব্রাকের বিভিন্ন ভবিষ্যত কর্মসূচি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, ক্ষুদ্র ঋণগ্রাহীতাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া, অনাবৃষ্টি-লবণাক্ততা-বন্যা সহনশীল ধানের জাত বাজারজাতকরণ, টঙ্গিতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি।
এ সময় ব্রাকের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯১৯ ঘ.
bdnews24