২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: দরপত্র আহ্বানে বিশ্বব্যাংকের সম্মতি

পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য দরপত্র ডাকার বিষয়ে সম্মতি দিয়েছে বিশ্বব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য দরপত্র ডাকার বিষয়ে সম্মতি দিয়েছে বিশ্বব্যাংক। এ কাজের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচটি প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করে বিশ্বব্যাংক এ সম্মতি দেয়। গত জানুয়ারিতে ওই প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদরদপ্তরে পাঠায় সরকার। শুক্রবার পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান বলে সরকারের এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। ২৯০ কোটি ডলার ব্যয়ে মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাপান সরকারের আর্থিক সহায়তায়। সরকার ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি, এডিবির সঙ্গে সাড়ে ৬১ কোটি, জাপানের সঙ্গে ৪০ কোটি এবং আইডিবির সঙ্গে ১৪ কোটি ডলারের ঋণ চুক্তিতে সই করেছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরইমধ্যে মূল সেতু, নদীশাসন ও সেতুর দুই পাশের সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে। এ সেতুর নির্মাণ কাজ শেষ হলে প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে এবং দারিদ্র্য শূন্য দশমিক ৮৪ শতাংশ কমে আসবে বলে দাবি করছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/২৩১৭ ঘ.