২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেক ইউনিয়নে হেডম্যানকে অপহরণের অভিযোগ

রাঙামাটির সাজেক ইউনিয়নের এমএসএফ পাড়া থেকে দুষ্কৃতকারীরা গোবিন্দ চাকমা নামের এক হেডম্যানকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

রাঙামাটি, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির সাজেক ইউনিয়নের এমএসএফ পাড়া থেকে দুষ্কৃতকারীরা গোবিন্দ চাকমা নামের এক হেডম্যানকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। 'অপহৃতের' পরিবার ও স্থানীয়রা জানায়, জেলার বাঘাইছড়ি উপজেলার ওই পাড়া থেকে শনিবার দুপুরে ওই হেডম্যানকে (মৌজা প্রধান) বাড়ি থেকে অপহরণ করা হয়। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নয়ন চাকমা ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী কৃপারাণী চাকমার পক্ষে লক্ষ্মীছড়ি এলাকা থেকে নির্বাচনী প্রচার শেষে শনিবার দুপুর ১টায় এমএসএফ পাড়ায় বাড়ি ফেরেন। এ সময় দুষ্কৃতকারীরা গোবিন্দ হেডম্যানকে অস্ত্রের মুখে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের অভিযোগ, তাকে নির্বাচনী প্রচারে অংশ না নিতে এর আগেও একটি আঞ্চলিক রাজনৈতিক দল মোবাইল ফোনে হুমকি দিয়েছিল। রোববার বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম উদ্দীন বলেন, এই ব্যাপারে কেউ এখনো অভিযোগ করতে আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া বলেন, তিনি অপহরণ সর্ম্পকে কিছু জানেন না এবং কেউ এখনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০০৬ ঘ.