২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ক্র্যাপ জাহাজের আমদানি শুল্ক হ্রাসের অনুরোধ

জাহাজভাঙা শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রস্তাবিত বাজেটে স্ক্র্যাপ জাহাজ আমদানির ওপর শুল্ক কমানোর অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজভাঙা শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রস্তাবিত বাজেটে স্ক্র্যাপ জাহাজ আমদানির ওপর শুল্ক কমানোর অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম। বৃহস্পতিবার চেম্বারের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় স্ক্র্যাপ জাহাজের ওপর টনপ্রতি প্রস্তাবিত শুল্ক দেড় হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা রাখার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া শুল্ককরের সঙ্গে আরোপিত অতিরিক্ত ৩ শতাংশ অগ্রিম ভ্যাট (এটিভি) প্রত্যাহারেরও অনুরোধ জানান চেম্বার সভাপতি। শুল্ক বৃদ্ধি এবং অতিরিক্ত ৩ শতাংশ এটিভি আরোপের কারণে এ খাতে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলেও আশঙ্কার কথা তুলে ধরে বলা হয়, এতে করে স্টিল রি রোলিং মিল বিপর্যয়ে পড়বে এবং লৌহজাত পণ্যের বাজার অস্থিরতা দেখা দিতে পারে। বাজেটের পূর্বে স্ক্র্যাপ জাহাজের শুল্ক কর ছিল এক হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/এএল/২০০২ ঘ.