ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া এবং ব্রোকারেজ হাউজগুলোর কমিশনের ওপর কর না বাড়ানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা শেষে কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে আমরা (কমিটির সদস্যরা) একমত হয়েছি। বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও এ সুযোগ দেওয়ার সুপারিশ করেছি আমরা।"
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি ট্রেজারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। পুঁজিবাজারেও এ সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দেশের দুটি স্টক এক্সচেঞ্জ।
এ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, "বিষয়টি উনি (অর্থমন্ত্রী) বুঝবেন বলে আশা করছি।"
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার প্রথম বাজেটে (২০০৯-১০) পুঁজিবাজারসহ চারটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি 'কালো' টাকা পুঁজিবাজারে খাটানো হয়। তবে চলতি অর্থবছরে এ সুযোগ ছিল না।
বৃহস্পতিবারের বৈঠকে ব্যাংকগুলোর করপোরেট কর হার কমানো, শেয়ার প্রিমিয়ামের ওপরে থাকা কর প্রত্যাহার এবং কর অবকাশ সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতে বাধ্য করার বিষয়েও সুপারিশ করেন সংসদীয় কমিটির সদস্যরা।
প্রস্তাবিত বাজেটে স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজগুলোর পাওয়া কমিশনের ওপর উৎসে আয়কর কাটার হার ০.০৫ শতাংশ থেকে বাড়িয়ে ০.১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, "কমিশনের ওপর উৎসে আয়কর না বাড়িয়ে আমরা আগের অবস্থায় রাখার সুপারিশ করেছি। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান করপোরেট করের হার সাড়ে ৪২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেছি আমরা।"
তিনি বলেন, প্রাথমিক শেয়ারের প্রিমিয়ামের ওপর থেকে এখনকার ৩ শতাংশ কর প্রত্যাহারেরও সুপারিশ করেছে কমিটি। এছাড়া যেসব প্রতিষ্ঠান কর অবকাশ সুবিধা পাবে, তাদের পরিশোধিত মূলধনের ২৫ থেকে ৩০ শতাংশ পুঁজিবাজারে ছাড়া বাধ্যতামূলক করারও প্রস্তাব করা হয়েছে।
বাজেট চূড়ান্ত হওয়ার পর পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে স্থায়ী কমিটি একটি সভা করবে বলেও মুস্তফা কামাল জানান।
গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে পুঁজিবাজারে ব্যাপক উত্থান-পতনের পর কারসাজির অভিযোগ তুলে রাস্তায় নামে বিনিয়োগকারীরা। এরপর সরকারের নির্দেশে একটি তদন্ত কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশন পুনর্গঠনসহ বেশকিছু পদক্ষেপও নিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএসজেড/জেকে/১৮০৪ ঘ.
bdnews24