২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংকের এজিএম 'বিশৃঙ্খলায় পণ্ড'

সিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) 'বিশৃঙ্খলার কারণে' পণ্ড হয়েছে বলে বলে জানিয়েছে ব্যাংকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) 'বিশৃঙ্খলার কারণে' পণ্ড হয়েছে বলে বলে জানিয়েছে ব্যাংকটি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক সংবাদে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। সিটি ব্যাংকের পূর্বঘোষিত এজিএম বুধবার বেলা ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওয়েবসাইটের সংবাদে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারীর অশোভন আচরণ ও ভাংচুরের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সিটি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হতে পারেনি বলে ডিএসইকে জানানো হয়েছে। এক জরুরি সভায় এজিএম স্থগিত করা হয়েছে। এজিএমের নতুন তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি ব্যাংক ও গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) পক্ষ থেকে আলাদা দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল লোকজন এসে মারধর ও ভাংচুর করে।" ওসি জানান, জিডিতে কারো নাম উল্লেখ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এলএইচ/পিডি/২২৫২ ঘ.