২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সমবায় ও গ্রামীণ ব্যাংকের দর্শনে মিল, পার্থক্য পদ্ধতিতে'

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দর্শনগত ভাবে সমবায় ও গ্রামীণ ব্যাংকের মধ্যে মিল থাকলেও পদ্ধতিগতভাবে বেশ পার্থক্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দর্শনগত ভাবে সমবায় ও গ্রামীণ ব্যাংকের মধ্যে মিল থাকলেও পদ্ধতিগতভাবে বেশ পার্থক্য রয়েছে। উপমহাদেশে ১৯০৪ সালে সমবায়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ দান কার্যক্রম শুরু হয় বলেও জানান তিনি। বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মন্ত্রী। সৈয়দ আশরাফুল জানান, গ্রামীণ ব্যাংকে বিশেষ করে ভূমিহীন মহিলারা উপকারভোগী হলেও সমবায়ের আওতায় নারী-পুরুষ সবার ক্ষেত্রে তা প্রযোজ্য। জাতীয় পার্টির সাংসদ একেএম মাইদুল ইসলাম ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক ও ১৯০৪ সালের সমবায় আইনের পার্থক্য জানতে চান মন্ত্রীর কাছে। এই সাংসদ প্রশ্ন করেন, গ্রামীণ ব্যাংক কোনো ধরনের আমানত ছাড়া ঋণ দেয় এ হিসাবে ড. ইউনূস নোবেল পুরস্কার পেলেন এবং আজ ক্ষুদ্র ঋণের জনক হিসাবে নিজেকে দাবি করেন। কিন্তু ১৯০৪ সালের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি এ্যাক্টের (ঘ) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, শুধু ব্যক্তি নিরাপত্তার ওপর ওই সদস্যকে ঋণ দেওয়া হোক। তাহলে ইউনুসের থিওরি ও ওই আইনের পার্থক্য কী? প্রশ্নের লিখিত জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, কৃষকদের মহাজনী সুদ ও মধ্যস্বত্ত্বভোগীদের হাত থেকে রক্ষার জন্য সহজ শর্তে ১৯০৪ সালে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি এ্যাক্ট জারি হয়। মন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের উপকারভোগীদের আইনগত স্বীকৃতি নেই (ইনফরমাল)। কিন্তু সমবায়ের উপকারভোগীদের ফরমাল বা আইনগত স্বীকৃতি রয়েছে। "গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী চি‎িহ্নতকরণ, ঋণের পরিমাণ, ঋণ দান ও আদায় পদ্ধতি এবং সুদের হার নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে সমবায়ের সঙ্গে গ্রামীণ ব্যাংকের পার্থক্য রয়েছে।" সকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরআরডি/পিডি/২০৪৯ ঘ.