২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে পরিবেশক পদ্ধতি শুরু

চিরাচরিত ডিও (ডেলিভারি অর্ডার) প্রথার পরিবর্তে মঙ্গলবার থেকে ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে পরিবেশক পদ্ধতি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিরাচরিত ডিও (ডেলিভারি অর্ডার) প্রথার পরিবর্তে মঙ্গলবার থেকে ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে পরিবেশক পদ্ধতি শুরু হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পরিবেশক নিয়োগ করা হলেও তা কার্যকর করতে সমস্যা হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে তাদের কাছে পণ্য এসে পৌঁছেনি। মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বহুল আলোচিত ডিও প্রথা বিলুপ্ত করে ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে মঙ্গলবার থেকে পরিবেশক পদ্ধতি চালুর ঘোষণা গত ২৩ মার্চ দেয় সরকার। বাংলাদেশ প্রাইকারী ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুট্টু রাজধানীর মৌলভীবাজারে সাংবাদিদের বলেন, "বাজারে এখনো কিছু ডিও রয়েছে। এগুলো মিল গেইটে পণ্য আনার অপেক্ষায় রয়েছে।" পরিবেশকের কাছে মঙ্গলবার পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি এমন অভিযোগ করে মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী হাজী মো. আবুল হাসেম। তিনি বলেন, "আমি চিনি ও তেল দুই ধরনের ডিও কিনে ব্যবসা করি। আমাকে তিনটি প্রতিষ্ঠান থেকে পরিবেশক নিয়োগ করা হয়েছে। কিন্তু এখনও মাল সরবরাহ করা শুরু হয়নি।" বাজারে নতুন করে কোনো ডিও ইসু হচ্ছে না আবুল হাসেম বলেন, পরিবেশকদের এলাকা নির্ধারণের বিষয়টি সরকারকে নতুন করে ভাবতে হবে। পরিবেশক নিয়োগে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে মিল মালিকরা পণ্য সরবরাহ করবে। গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের জানান, ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারীরা ইতোমধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ ভাগ পরিবেশক নিয়োগ দিয়েছে। বাকি নিয়োগ ৩০ জুনের মধ্যে সম্পন্ন হবে। তিনি বলেন, "২১ জুন থেকে চালু হবে পরিবেশক পদ্ধতি। এরপর কিছু ডিও প্রথা থাকলেও ৩০ জুনের পর ডিও প্রথা আর থাকার কথা নয়।" গত ২৩ মার্চ সরকার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১ জারি করে। ওই আদেশে পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরবি/পিডি/১৮৫৬ ঘ.