২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওটো গ্রুপের ৩ কোটি ইউরো বিনিয়োগ আটকে আছে'

তিন কোটি ইউরোর একটি বিনিয়োগ প্রস্তাবে বাংলাদেশের 'সবুজ সংকেত' পাওয়া যায়নি বলে জানিয়েছেন জার্মানির ওটো গ্রুপের সহ-সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন কোটি ইউরোর একটি বিনিয়োগ প্রস্তাবে বাংলাদেশের 'সবুজ সংকেত' পাওয়া যায়নি বলে জানিয়েছেন জার্মানির ওটো গ্রুপের সহ-সভাপতি। ওটোর সহ-সভাপতি ড. ইয়োহানেস মের্ক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিনিয়োগের প্রস্তাব দিলেও স্থানীয় প্রশাসনের কাছ থেকে এখনো সবুজ সংকেত পাইনি।" তিনি জানান, ওটো গ্রুপ বাংলাদেশে সামাজিক ব্যবসা শুরু করার জন্য বস্ত্রখাতে তিন কোটি ইউরো বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলো। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডির্ক নিয়েবেল ও ইইউ'র উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সোমবার ঢাকা আসেন ইয়োহানেস। তিনি বলেন, আমরা একটি বস্ত্র কারখানা কিনতে চেয়েছিলাম। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে পরিকল্পনা অনুযায়ী আমরা এগোতে পারছি না। বাংলাদেশি একটি পোশাক কারখানা কেনার জন্য তারা নির্বাচন করেছেন জানিয়ে ওটো গ্রুপের সহ-সভাপতি বলেন, "অনুমোদন না পেলে আমাদের পক্ষে কারখানা কেনা সম্ভব হবে না। এবং সেক্ষেত্রে বিনিয়োগও করা সম্ভব নয়।" গত ২০ বছর ধরে গ্রুপটি বাংলাদেশে বস্ত্রখাতে ব্যবসা করছে এবং এখন সহযোগিতার পরিধি বৃদ্ধি করতে চাচ্ছে বলে জানান তিনি। ২০টি দেশে আন্তর্জাতিক এ ব্যবসায়ী গ্রুপটির ১২৩টি প্রতিষ্ঠানে ৫০ হাজার কর্মী কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৮৩৮ ঘ.