ঢাকা, জুন ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি বাণিজ্যে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংক সুদের হার এক অংকে (সিঙ্গেল ডিজিট) নির্ধারণের দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ (ইএবি)।
শুক্রবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ দাবি জানান।
তিনি বলেন, "রপ্তানি বাণিজ্যে আমাদের সবচেয়ে বড় বাধা ব্যাংক সুদের উচ্চ হার। আমাাদের আশেপাশের প্রতিযোগী দেশগুলোতে ব্যাংক সুদের হার অনেক কম। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের দেশেও সিঙ্গেল ডিজিটে সুদের হার নির্ধারণ করতে হবে।
আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব অনুযায়ী রপ্তানির ক্ষেত্রে উৎসে কর দশমিক ৪ শতাংশ বা দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে দেড় শতাংশ করা হলে তা রপ্তানি বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করবে উল্লেখ করে এই হার দশমিক ২৫ শতাংশ নির্ধারণের দাবি জানান তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৯ জুন জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উত্থাপন করেন।
বিদ্যুতের লোড-শেডিংয়ের কারণে শিল্প কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে জেনারেটরে ব্যবহৃত ডিজেল ও বয়লারে ব্যবহৃত ফারনেস অয়েলের আমদানি শুল্ক প্রত্যাহারেরও দাবি জানান সালাম মুর্শেদী।
তবে ২০১৩ সালের জুন পর্যন্ত দুই বছরের জন্য কর-অবকাশ ঘোষণা, পূঁজিবাজারকে চাঙা করার জন্য পূঁজি বিনিয়োগের বিপরীতে লাভের ওপর আয়কর নির্ধারণ না করা, বন্ড লাইসেন্সের মেয়াদ এক বছরের পরিবর্তে দুই বছর করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য স্পেশাল ইকনোমিক জোন গঠন, সফটওয়ার উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির জন্য ২০১৩ সনের জুন পর্যন্ত এই খাতের উদ্যোক্তাদের আয়কর অব্যাহতি দেওয়া এবং রপ্তানিমুখী শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে অতিরিক্ত শুল্ক-কর মওকুফ করাকে বাজেটের ইতিবাচক দিক হিসাবে অভিহিত করেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/২৩২৯ ঘ.
bdnews24