ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মে মাসে মূল্যস্ফীতি সামান্য কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে।
এপ্রিল মাসে এ হার ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ। মার্চ মাসে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
গত বছরের মে মাসে ছিল মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের 'সিলেকটেড ইনডিকেটরস' থেকে এ তথ্য জানা গেছে।
পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি হচ্ছে- গত বছরের একই মাসের চেয়ে চলতি বছরের একই মাসে বাজারে জিনিসপত্রের দাম কতোটা বেড়েছে তার তুলনামূলক হিসাব।
বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে কেন্দ্রীয় ব্যাংকে মুল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য পাঠানো হয়। তবে শনিবার পর্যন্ত বিবিএসের ওয়েবসাইটে মে মাসের মূল্যস্ফীতির তথ্য সংযোজন করা হয়নি।
এ কারণে মে মাসের খাদ্য ও খাদ্য-বহির্ভূত খাতের মূল্যস্ফীতি এবং শহর ও গ্রামের মূল্যস্ফীতির হার জানা সম্ভব হয়নি।
বিগত তত্বাবধায়ক সরকারের সময়ে আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছে এক পর্যায়ে ১১ দশমিক ৫৯ শতাংশে উঠেছিল।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা কমতে শুরু করে। ২০০৯ সালের জুনে তা এক পর্যায়ে ২ দশমিক ২ শতাংশে নেমে এসেছিল।
এর পর থেকে তা বাড়তে বাড়তে গত মার্চ মাসে আবার দুই অংকের ঘরে পৌঁছে ১০ দশমিক ৪৯ শতাংশে দাঁড়ায়।
শেষ হতে যাওয়া ২০১০-১১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে। কিন্তু মে মাস পর্যন্ত হিসাবে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৭ শতাংশে।
গত ৯ জুন অর্থমন্ত্রী ২০১১-১২ অর্থবছরের যে বাজেট পেশ করেছেন তাতে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন।
বাজেট বক্তৃতায় এ প্রসঙ্গে তিনি বলেছেন, "মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি তার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিঘাত মোকাবেলা করে মূল্যস্তরকে সহনীয় পর্যায়ে রাখা ও মূল্যস্ফীতিকে আগামী অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং মধ্যমেয়াদে তা ৫ শতাংশের কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হবো বলে আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৮৩২ ঘ.
bdnews24