পঞ্চগড়, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি শ্রমিক সংগঠনের ডাকা সড়ক অবরোধের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে বৃহস্পতিবার সারাদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।
এসময় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরের উভয়দিকে সড়কে আটকা পড়ে।
অবরোধ প্রত্যাহারের বিষয়ে বিকেল ৪টায় শ্রমিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা বৈঠকে বসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোড-আনলোড কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের নামে বেশকিছু শ্রমিক সিপাহিপাড়ায় সকাল ৮টায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া সড়ক অবরোধ করে। অবরোধের কারণে ট্রাক চলাচল ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সিপাহীপাড়া লোড-আনলোড কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইমদাদুল হক জানান, দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দরে কাজের জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি পূরণ হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, অন্য একটি সংগঠনের শ্রমিকরা আমাদের সেখানে কাজ করতে দিচ্ছে না। এজন্য সকাল থেকে আমরা সড়ক অবরোধ করেছি। দাবি না মানলে অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানান ইমদাদুল।
এদিকে বন্দরে লোড-আনলোড কাজে সম্পৃক্ত বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থলবন্দরে কার্যক্রম চালু হওয়ার পর থেকেই আমরা কাজ করে আসছি।
বেশ কিছুদিন ধরে সিপাহীপাড়ার কিছু লোক নিজেদের শ্রমিক পরিচয়ে কাজের দাবিতে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে বলে জানান ইউসুফ।
স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট শফিকুর রহমান জানান, অবরোধের কারণে প্রায় ৫০টি ট্রাক আটকা পড়েছে।
পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল লতিফ অবরোধের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মীমাংসার জন্য প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও দুই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে বসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩৬ ঘ.
bdnews24