ঢাকা, জুন ৯ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারের মুনাফা থেকে অনেক বিনিয়োগকারী করযোগ্য সীমার চেয়েও বেশি আয় করলেও পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তাদের ক্ষেত্রে আগের মতোই কর অব্যাহতি বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে ২০০৯ থেকে এ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে ১৯২ শতাংশ।
এই বৃদ্ধি 'কাঠামোগতভাবে' কাক্সিক্ষত ছিল না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাজার সংশোধনের পর বাজার মূলধন ব্যাপক হারে পড়ে যাওয়ায় অনেকেই এ ঘটনাকে পুঁজিবাজারের জন্য বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।
ওই ঘটনার তদন্ত করে 'স্বল্প সময়ে' প্রতিবেদন জমা দেওয়ার জন্য খন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটিকে 'আন্তরিক ধন্যবাদ' জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে তিনি এও বলেছেন, 'সম্ভবত' সময়ের অভাবে পুঁজিবাজার তদন্ত কমিটির কোনো কোনো পর্যবেক্ষণ ও অভিমত অসম্পূর্ণ রয়ে গেছে।
বাজেট ঘোষণা আগে থেকেই অর্থমন্ত্রীসহ সরকারের শীর্ষ ব্যক্তিরা বলে আসছিলেন, পুঁজিবাজারের জন্য ক্ষতিকম কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। এর প্রতিফলন পাওয়া গেছে নতুন অর্থবছরের বাজেট বক্তৃতাতেও।
তিনি বলেছেন, "সরকার পুঁজিবাজারের বিকাশ ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। এজন্য অনেক বিনিয়োগকারী শেয়ার মুনাফা থেকে করযোগ্য সীমার অধিক আয় সত্ত্বেও কর অব্যাহতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করছি।"
বিনিয়োগকারীদের টিআইএন প্রদর্শনেরও কোনো বাধ্যবধকতা থাকছে না বলে উল্লেখ করেন তিনি।
একইসঙ্গে স্বল্পতম সময়ের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন নিস্পত্তির জন্য আলাদা ক্লিয়ারিং এন্ড সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
যতো বেশি লভ্যাংশ ততো বেশি ছাড়
পুঁজিবাজারে আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে লভ্যাংশ ঘোষণার ভিত্তিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কর রেয়াত দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তার প্রস্তাবে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি ২০ শতাংশের বেশি লভ্যাংশ দেবে, তারা ১০ শতাংশ হারে কর রেয়াত পাবে।
আর যারা ১০ শতাংশের নিচে লভ্যাংশ ঘোষণা করবে, তাদের ৩৭.৫ শতাংশ হারে করপোরেট কর দিতে হবে।
তবে সব ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪২.৫ শতাংশ করপোরেট কর অপরিবর্তিত থাকবে। কর রেয়াতের সুবিধা এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করের হার ২৭.৫ শতাংশ। আর তালিকাভুক্ত নয়, এমন কোম্পানিকে ৩৭ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হয়।
এদিকে স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজগুলোর পাওয়া কমিশনের ওপর উৎসে আয়করের হার দশমিক ০৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, "বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে পুঁজিবাজারের ক্রমবর্ধমান পতন ঠেকানো, স্থিতিশীলতা রক্ষা, দীর্ঘমেয়াদি উন্নয়নের উদ্দেশ্যে আইসিবির উদ্যোগে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড নামে একটি মিউচুয়াল ফান্ড গঠন করা হয়েছে।"
বাজারের স্থিতিশীলতা রক্ষায় ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে মুহিত বলেন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০০৬ সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, যেসব মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানি তাদের পরিশোধিত মূলধনের নূ্যূনতম ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়বে এবং যাদের আইপিওপূর্ব প্লেসমেন্টের পরিমাণ সর্বোচ্চ ৫ শতাংশ হবে, তাদের ক্ষেত্রে ৩৫ শতাংশ হারে করপোরেট কর প্রযোজ্য হবে।
অন্যান্য মোবাইল ফোন অপারেটরকে এখনকার মতো ৪৫ শতাংশ হারেই কর দিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
ধূমপান নিরুৎসাহিত করার জন্য সিগারেট কোম্পানিগুলোর ওপরে ৪২.৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
এছাড়া প্রস্তাবিত বাজেটে সরকারি বন্ডে ১০ শতাংশ হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "সরকারি বন্ড মার্কেট জনপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগের ওপর ১০ শতাংশ কর প্রদান সাপেক্ষে বিনিয়োগ বিবেচনার প্রস্তাব করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/০০১০ ঘ.
bdnews24