ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ২৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে উন্নয়ন ব্যয় ২১৭ কোটি টাকা। অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য মোট এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে এই মন্ত্রণালয়ের জন্য ২৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু খরচ না হওয়ায় সংশোধিত বাজেটে তা কমিয়ে ১০৪ কোটি টাকা করা হয়।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বোয়িং কোম্পানি থেকে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহা কেনার যে চুক্তি করা হয়েছে তার আওতায় এ বছরের শেষ দিকে দুটি উড়োজাহাজ সরবরাহ পাওয়া যাবে। এছাড়া ২০১৩ সালে ২টি, ২০১৫ সালে ২টি এবং ২০২০ সালে বাকি ৪টি উড়োজাহাজ পাওয়া যাবে।
২০১২-১৩ অর্থবছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শেষ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, যান্ত্রিক, অবকাঠামো ও পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে এ বিমান বন্দরকে ক্যাটাগরি-১ এ উন্নীত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।
পর্যটন শিল্পের বিকাশে আগামী বছর জানুয়ারি মাসে সার্ক ট্যুরিজম মার্ট আয়োজনের উগ্যেদ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন নতুন পর্যটন কেন্দ্র নির্মানের ধারাবাহিকতায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি-সৌধ সংলগ্ন এলাকায় একটি আন্তজার্তিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যেগ নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/২১৪৬ ঘ.
bdnews24