ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে মাত্র সাত কোটি টাকা।
২০১১-১২ অর্থবছরের বাজেটে এজন্য বরাদ্দ চাওয়া হয়েছে মাত্র ২৩১ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ১৪৭ কোটি টাকা এবং অনুন্নয়ন খাতে ৮৪ কোটি টাকা।
আগের ২০১০-১১ অর্থবছরের বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২২৪ কোটি টাকা।
এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ৮৫ কোটি টাকা। আর অনুন্নয়ন খাতে বরাদ্দ ছিল ১৩৯ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট বক্তৃতায় মুহিত বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে জনশক্তি রপ্তানি ক্রমেই সংকুচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্ববাজারে বাংলাদেশের জনশক্তির নতুন বাজার খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিএমইটি ও বায়রাসহ সংশ্লিষ্টদের নিয়ে পাঁচটি টিম এজন্য কাজ করছে। এর ফল হিসেবে ইতোমধ্যেই বতসোয়ানা, মরিশাস, জর্ডান, কঙ্গো ও সুইডেনে জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। বাংলাদেশি শ্রমিক কাজ করছে এমন সাতটি দেশের বাংলাদেশ মিশনে নতুন করে শ্রম শাখা খোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লক্ষে জনশক্তি রপ্তানি খাতে ১৪০ কোটি টাকার 'অভিবাসন ও দক্ষতা উন্নয়ন তহবিল' এবং প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের কথাও উল্লেখ করে অর্থমন্ত্রী।
জনশক্তি রপ্তানি খাতে গত বছর দেশে রেমিটেন্স আসে ১১শ' কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১৫ ঘ.
bdnews24