২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যাংকঋণ বাড়ছে ৪০০০ কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিমাণ ধরা হয়েছে ১৮ হাজার ৯ শ ৫৭ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের প্রাথমিক লক্ষ্যের চেয়ে ৪ হাজার কোটি টাকা বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিমাণ ধরা হয়েছে ১৮ হাজার ৯ শ ৫৭ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের প্রাথমিক লক্ষ্যের চেয়ে ৪ হাজার কোটি টাকা বেশি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ঘাটতি পূরণে সরকার এই ঋণ নেবে, যা জিডিপির দুই দশমিক এক শতাংশ। বৃহস্পতিবার বিকেল ৪টা ২৫ মিনিটে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন শুরু করেন। প্রস্তাবিত বাজেটে ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেওয়া হবে আট হাজার ২৫১ কোটি টাকা (জিডিপির দশমিক ৯ শতাংশ)। পাশাপাশি ঘাটতি পূরণে সহজ শর্তে স্বল্প সুদের বৈদেশিক উৎসকেও গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিমাণ ধরা হয়েছিলো ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১৮ হাজার ৩৭৯ কোটি টাকা করা হয়। প্রস্তাবিত বাজেটে সার্বিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা, যা জিডিপির পাঁচ শতাংশ। এই ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার ২০৮ কোটি টাকা (জিডিপির ৩ শতাংশ) এবং বৈদেশিক উৎস থেকে ১৭ হাজার ৯৯৬ কোটি টাকার (জিডিপির ২ শতাংশ) যোগান দেওয়া হবে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জেকে/১৮১৩ ঘ.