ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
২০১১-১২ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করেন তিনি।
মহিলা ও ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে সবার করমুক্ত আয়ের সীমা ২ লাখ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে তা ২ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
কোম্পানি শ্রেণীর করদাতাদের করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।
বাজেটে সম্পদ করের প্রস্তাবও করেছেন মুহিত। ২ কোটি টাকার অধিক সম্পদের মালিকদের তাদের প্রদত্ত করের ১০ শতাংশ হারে সারচার্জের প্রস্তাব করা হয়েছে। তবে সম্পদের মূল্য ধরা হবে তা অর্জনকালের মূল্যের ভিত্তিতে।
প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চ আদালতের বিচারকদের আয়করমুক্ত থাকার সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৭২৫ ঘ.
bdnews24