ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের মতো বিষয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বাজেটের আকার শুধু বিশাল হলে হবে না, তা হতে হবে বাস্তবমুখী।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ কথা বলেন।
সাবেক প্রতিমন্ত্রী কাদের বলেন, "বিশাল বাজেট করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বাস্তবমুখী বাজেট করতে হবে, থাকতে হবে এর কার্যকারিতা। বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে ওপর অধিক গুরুত্বারোপ করতে হবে।"
বৃহস্পতিবার ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এরই মধ্যে অর্থমন্ত্রী বিভিন্ন বক্তব্যে আগের বছরের চেয়ে বড় বাজেট করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিরোধী দলকে নিঃর্শতভাবে আলোচনায় বসারও আহ্বান জানান কাদের।
তিনি বলেন, "বিরোধী দলের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সরকার সব সময় আন্তরিক। কিন্তু বিরোধী দল আলোচনার ক্ষেত্রে নেতিবাচক। এ কারণেই তারা আলোচনায় না এসে নানা শর্তের কথা বলছে।"
পাশাপাশি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দলের নেতাদের সংযত হওয়ারও পরামর্শ দেন ওবায়দুল।
ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে।
সরকারকে হরতালের হুমকি দিয়ে কোনো লাভ হবে না- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরো বলেন, "ঘন ঘন হরতাল করে জনগণের ম্যান্ডেট পাওয়া যাবে না।"
বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদের সভাপতি ডা. আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হেসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/এমআই/১৫৫০ ঘ.
bdnews24