ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে আগামী ১৬ জুন চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক পাক্ষিক 'এনার্জি অ্যান্ড পাওয়ার' আয়োজিত 'জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগ' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ফারুক খান বলেন, "১৬ জুন কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) করা হবে।"
এর আগে গত ২৩ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যুক্তরাষ্ট্রভত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি অনুমোদন করে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এই চুক্তির বিরোধিতা করে আসছে। সরকারের এ উদ্যোগরে প্রতিবাদে ১৪ জুন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে তারা।
বিগত তত্ত্বাবধায়ক সরকার মডেল পিএসসি-২০০৮ প্রণয়ন করে। ওই মডেলের আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকো-ফিলিপসকে নির্বাচিত করা হয়।
ওই কোম্পানির সঙ্গে চুক্তি দেশের জন্য আত্মঘাতী হবে- এই অভিযোগে তেল-গ্যাস রক্ষা কমিটি আন্দোলন শুরু করলে সে সময় তত্ত্বাবধায়ক সরকার চুক্তি করা থেকে পিছিয়ে আসে।
তেল-গ্যাস রক্ষা কমিটি বলে আসছে, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
'কয়লা খনন উন্মুক্ত পদ্ধতিতে'
জ্বালানি খাতের উন্নয়নে কয়লানীতি তৈরির কাজ চলছে উল্লেখ করে গোলটেবিল বৈঠকে ফারুক খান বলেন, "এতে উম্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি থাকবে।"
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, "২০১৩ সালের মধ্যে অতিরিক্ত ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার বিকল্প নেই। তাই উম্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করা প্রয়োজন।"
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুকী বলেন, "সরকারের ক্রয় সংক্রান্ত নীতিমালায় (পিপিআর) নানা জটিলতা থাকায় অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে বিদেশ থেকে যন্ত্রপাতি কেনা সম্ভব হয় না। এ জন্য গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজে ও কূপ খননে নানা সমস্যায় পড়তে হচ্ছে।"
বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে গোলটেবিল বৈঠকে ফারুক খান বলেন, "হরতাল দিয়ে বিদেশি বিনিয়োগকে বাধগ্রস্ত করবেন না। বরং সংসদে এসে আপনাদের দাবির কথা বলুন।"
অন্যদের মধ্যে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম তামিম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, এনার্জি এণ্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/জেকে/১৭২৫ ঘ.
bdnews24