ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেমেন্ট সিস্টেম আইনের খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এ আইন বাস্তবায়নের জন্য শিগগির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
শনিবার বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে আইএফসি'র সহায়তায় রূপসী বাংলা হোটেলে আয়োজিত "বাংলাদেশে ই-পেমেন্ট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ" বিষয়ক পাবলিক-প্রাইভেট সংলাপে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ই-পেমেন্ট ব্যবস্থা ব্যবসায় ব্যয় হ্রাস করতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এ ব্যবস্থা শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম ই-পেমেন্টের সুবিধা সম্পর্কে জনগণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ইলেকট্রনিক লেনদেনে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি লেনদেন কার্যক্রমের দক্ষতা বাড়াবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম কুমার দাশগুপ্ত ই-পেমেন্ট সর্ম্পকে বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের চালু করা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে দেশের ব্যবসায়ী সমাজ অনেক সুবিধা ভোগ করতে পারবে। তিনি ব্যবসায়ী সম্প্রদায়কে সুষ্ঠুভাবে এ সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনায় বেসিসের সভাপতি মাহবুব জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মো. আব্দুল আহাদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কানন কুমার রায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান প্রমুখ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২০১৫ ঘ.
bdnews24