২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্রখাতে সহায়তা বাড়ানোর দাবি

বস্ত্রখাতের সঙ্কট মোকাবেলায় নগদ সহায়তার হার ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে দেশীয় সুতা ও বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্ত্রখাতের সঙ্কট মোকাবেলায় নগদ সহায়তার হার ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে দেশীয় সুতা ও বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। আগামী অর্থ বছরের বাজেট পেশের আগে দাবিগুলো বিবেচনা করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ইউনিক ট্রেড সেন্টারে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরেন এর সভাপতি জাহাঙ্গীর আলামীন। বর্তমানে সরকার এ খাতে পাঁচ শতাংশ সহায়তা দিচ্ছে। লিখিত বক্তব্যে জাহাঙ্গীর বলেন, "দেশের বস্ত্রখাত ধ্বংসে দেশি ও বিদেশি চক্রান্ত চলছে। রপ্তানীমুখী নীট ও ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং মিলগুলো রপ্তানি আদেশ গ্রহণ করতে না পারায় সঙ্কটের মুখে পড়েছে।" বর্তমানে এ খাতে ৩০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে জানিয়ে জাহাঙ্গীর বলেন, তবে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটে মিলগুলোর উৎপাদন ক্ষমতার ৩৫ থেকে ৪০ শতাংশ ব্যবহার করতে পারছে না।" এ অবস্থা চলতে থাকলে এ খাতে নতুন বিনিয়োগ বাড়বে না বরং খাতটি অস্তিত্বহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছেল- এ খাতের প্রতিষ্ঠানগুলোর আয়কর ১৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা, বস্ত্রখাতের বিনিয়োগ উৎসাহী করার স্বার্থে কর অবকাশ সুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানো। এছাড়া পণ্যের বহুমুখীকরণ উৎসাহিত ও তুলার ওপর নির্ভরশীলতা হ্রাসের জন্য পলিয়েস্টার ও ভিসকস স্ট্যাপল ফাইবার, অ্যাকোলিক টো অ্যান্ড টপস, পেট চিপস ও চিপসের শুল্ক ও কর সম্পূর্ণ প্রত্যাহার করা, এ খাতের স্বার্থ সংরক্ষণে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানি নিরুৎসাহিত করা, ইটিপিতে ব্যবহারের জন্য রাসায়নিক দ্রব্য (নির্দিষ্ট দুইটি কোডের আওতায়) শুল্ক ও কর মুক্তভাবে আমদানির ক্ষেত্রে বিটিএমএ এর প্রত্যয়ন পত্র নেওয়া এবং ব্যাংকের সুদের হার একক ঘরে নির্ধারণ করা। সংবাদ সম্মেলনে বিটিএমএ'র সহ-সভাপতি শওকত আজীজ রাসেল, এম এ জাহের, আহমেদ আলী, পরিচালক মো. জামালউদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৫৩৮ ঘ.