ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যখাত উন্নয়ন কর্মসূচির জন্য বাংলাদেশকে প্রায় ৩৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।
বুধবার বিশ্ব ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ করে নারী, শিশু, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা উন্নয়নে ৩৫ কোটি ৯০ লাখ ডলারের এ ঋণ দেওয়া হচ্ছে। ঋণ অনুমোদন হয় গত ২৬ মে।
এ ঋণ দেওয়া হচ্ছে হেল্থ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এইচএসডিপি) আওতায়।
বিশ্ব ব্যাংক এ পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমে ৩০ কোটি ডলার সহায়তা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে আরো একশ ২০ কোটি ডলার সহায়তার ব্যবস্থা করে বিশ্ব ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের কর্মসূচির সাফল্যের ভিত্তিতে সরকার স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আটশ কোটি ডলারের কর্মসূচি পরিকল্পনা নিয়েছে। বিশ্ব ব্যাংকের অনুমোদন করা এইচএসডিপি এ খাতের সঙ্গে সাযুজ্যপূর্ণ।
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন বলেন, "এই পরিচালনায় (এইচএসডিপি) সহায়তার কার্যকরিতা গুরুত্ব পায়।"
এ ঋণ দেওয়া হচ্ছে বিশ্ব ব্যাংকের ঋণ বিষয়ক সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে। শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদে ৪০ বছরের মধ্যে এ ঋণ শোধ করতে হবে। প্রথম ১০ বছর কোনো সুদ দিতে হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১১২ ঘ.
bdnews24