ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা পুনর্গঠনের অংশ হিসেবে এসইসিতে সদস্য পদে আরো দুজনকে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে চেয়ারম্যানসহ চার জন এ সংস্থায় এলেন।
রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মোহাম্মদ আমজাদ হোসেন ও আরিফ খানকে তিন বছরের চুক্তিতে এসইসিতে নিয়োগ দেয়।
আমজাদ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। অন্যদিকে আরিফ খান ফেলো অফ কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্টটেন্স।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এর আগে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়রুল হোসেনকে। সদস্য পদে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন নিজামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24