ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাবের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে। সাধারণ সূচক বেড়েছে ৯২ পয়েন্ট। বেড়েছে লেনদেন এবং অধিকাংশ শেয়ারের দামও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সকাল থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। দিন শেষে সাধারণ সূচক ৯২ পয়েন্ট বেড়ে ৫৪৮৯ পয়েন্টে দাঁড়ায়, যা দিনের শুরুর চেয়ে ১ দশমিক ৭০ শতাংশ বেশি।
সারাদিনে মোট ৩৩০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিনে লেনদেনের পরিমাণ ছিলো ২৯৬ কোটি টাকা, যা গত ২৬ মাসে সবচেয়ে কম। সেদিন অবশ্য সূচক বেড়েছিলো।
ডিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫টির। ২টির দাম অপরিবর্তিত ছিলো।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত ডিএসইর সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
পরিষদের আহ্বায়ক মিজানুর রশিদ খান সাংবাদিকদের বলেন, "আজ পুঁজিবাজারের অবস্থা ভালো হলেও এমন অবস্থা বেশিদিন থাকে না বলে আমরা অতীতে দেখেছি। তাই আমরা আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।"
পরে ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় ঐক্য পরিষদ। তাদের দাবির মধ্যে রয়েছে- সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাজেট পাস হওয়ার আগ পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা, মার্জিন লোনের হার ১:২ করা, বাজার তদারকিতে একটি কমিটি গঠন ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24