২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনের মতো অচল সোনামসজিদ স্থলবন্দর

ভারতীয় রপ্তানিকারকরা কাজ বন্ধ রাখায় রোববার দ্বিতীয় দিনের মতো অচল রয়েছে সোনা সমসজিদ স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 04:44 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় রপ্তানিকারকরা কাজ বন্ধ রাখায় রোববার দ্বিতীয় দিনের মতো অচল রয়েছে সোনা সমসজিদ স্থলবন্দর। ভারতের এক ট্রাকচালককে মারধরের প্রতিবাদে শনিবার কাজ বন্ধ করে দেয় সে দেশের রপ্তানিকারকরা। শনিবারের মতো রোববারও কাজ বন্ধ রয়েছে বলে সকালে সাংবাদিকদের জানিয়েছেন বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন সাগর। বৃহস্পতিবার রাতে ভারতীয় ট্রাকচালক বিশু মিয়ার সঙ্গে পানামা পোর্ট লিংক লিমিটেডের কয়েকজন নিরাপত্তা প্রহরীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রহরীরা বিশু মিয়াকে মারধর করে। ওই ঘটনার জন্য পানামা পোর্ট লিংক লিমিটেডের তিন জন নিরাপত্তা প্রহরী কাউসার আলী, ফরিদ উদ্দীন ও জসীম উদ্দীন এবং এমএলএসএস আল আমীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিও মোহদীপুর (ভারতের) স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতিকে পাঠানো হয়েছে বলে জানান দেলোয়ার। তবে শনিবার দুপুরে সোনা মসজিদ আমদানি-রপ্তানিকারক গ্র"প ও মোহদীপুর রপ্তানিকারক সমিতি জিরো পয়েন্টে বৈঠক করলেও সমস্যার সমাধান হয়নি। রোববার দুপুরে উভয় দেশের ব্যবসায়ী, স্থানীয় প্রশাসন ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৫ ঘ.