২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারবান্ধব বাজেটের আশা করছে এসইসি

দুই স্টক এক্সচেঞ্জে বিক্ষোভের পর পুঁজিবাজারবান্ধব বাজেটের আশ্বাস পেয়েছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই স্টক এক্সচেঞ্জে বিক্ষোভের পর পুঁজিবাজারবান্ধব বাজেটের আশ্বাস পেয়েছে বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার বিকেলে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "এসইসি আশা করছে, সরকার প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে পুঁজিবাজারবান্ধব বাজেট করবে।" এর আগে বেলা ১২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক দল বিনিয়োগকারী এসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে মার্জিন লোনের হার ১:২ করা, বাজার তদারকিতে একটি কমিটি গঠনসহ ১৫টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পরিষদের নেতা একেএম মিজানুর রশীদ চৌধুরী। এরপর তারা ডিএসই'র সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা পুঁজিবাজারে দরপতনের জন্য অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবিতে স্লোগানও দেয়। পাশাপাশি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাজেট পাস হওয়ার আগ পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার দাবি জানায়। এছাড়া চট্টগ্রামেও লেনদেন বন্ধসহ পাঁচ দফা দাবিতে কয়েকশ বিনিয়োগকারী আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। এ ব্যাপারে এসইসি মুখপাত্র সাইফুর বলেন, "পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় বাজার সংশ্লিষ্ট সব পক্ষ যেমন অর্থ মন্ত্রণালয়, এনবিআর, কেন্দ্রীয় ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। বাজারের স্থিতিশীলতা রক্ষায় তারা সবাই সম্মত হয়েছেন।" বিনিয়োগকারীরা শিগগির এর সুফল পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। সাইফুর জানান, এসইসি আইনের যথাযথ প্রয়োগ ও প্রয়োজনীয় আইন পরিবর্তনসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ পর্যন্ত কোথায় পরিবর্তন এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে পারেননি তিনি। বিনিয়োগকারীদের প্রতি সাইফুর রহমান বলেন, "বর্তমান পরিস্থিতি উত্তরণে কোনো পরামর্শ থাকলে তারা এসইসির ১৬ তলায় প্রস্তাব আকারে তা জমা দিতে পারেন।" ফোর্সসেল ও অন্যান্য বিষয়েও সংশ্লিষ্টদের অনুরোধ করার কথা উল্লেখ করে তিনি। বর্তমান সময়কে বিনিয়োগের জন্য সঠিক সময় উল্লেখ করে এসইসি মুখপাত্র বলেন, "বর্তমানে মার্কেট পিই রেশিও ১৫ অনুপাত ১১। এটি বিনিয়োগের সঠিক সময়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এমআই/১৬৪০ ঘ.