২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আবার ব্যাপক দরপতন, বিক্ষোভ

টানা চার দিন দরপতনের পর বাজার চাঙা হওয়ার এক দিনের মাথায় আবার ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এতে বিক্ষোভের পর বৃহস্পতিবার থেকে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দিয়েছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার দিন দরপতনের পর বাজার চাঙা হওয়ার এক দিনের মাথায় আবার ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এতে বিক্ষোভের পর বৃহস্পতিবার থেকে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দিয়েছে বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সকাল থেকেই দরপতনের ধারা চলে। বেলা আড়াইটার দিকে সাধারণ সূচক প্রায় ২০০ পয়েন্ট কমলেও পরে তার সামান্য উন্নতি ঘটে। ডিএসইতে দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫২৯২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৫১ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ কম। সারাদিনে ৩২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৪৯ কোটি টাকা। লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১৫টির। ৩টির দাম অপরিবর্তিত ছিলো। এদিকে পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর বেলা পৌনে ৩টার দিকে এক দল বিনিয়োগকারী ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে। তারা মতিঝিলে সড়কের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে সমাবেশও করে। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবি জানায়। বাজার নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যর্থ দাবি করে তাদের পদত্যাগও দাবি করেন তারা। এছাড়া বৃহস্পতিবার থেকে ডিএসইসির সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দিয়েছে তারা। লেনদেন বন্ধ রাখতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭১০ ঘ.