আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতির পারদ উঠছেই। আর এ জন্য শহরের চেয়ে গ্রামের মানুষকে ভুগতে হচ্ছে বেশি। এপ্রিল মাসে দেশের গ্রামাঞ্চলে খাদ্যে মূল্যস্ফীতির হার আগের বছরের একই মাসের তুলনায় বেড়ে ১৫ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে।
এই হার মার্চে ছিল ১৪ দশমিক ৮৪ শতাংশ। আর গত বছরের এপ্রিলে ছিল ১০ দশমিক ৩৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার এই তথ্য প্রকাশ করে।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (আগের বছরের একই সময়ের তুলনায়) গত বছরের এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। তা বেড়ে চলতি বছরের মার্চে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়। আর এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ১০ দশমিক ৬৭ শতাংশে।
অর্থনীতিবিদ জায়েদ বখত বলছেন, মূল্যস্ফীতির এই হার উদ্বেগজনক। তবে আরো উদ্বেগজনক বিষয় হলো- এই হার সহসা কমার আশা নেই।
বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিলে সারাদেশে খাদ্য খাতে মূল্যস্ফীতি ১৪ দশমিক ৩৬ শতাংশে পৌঁছেছে। আর অন্যান্য খাতে এই হার ৩ দশমিক ৯৭ শতাংশ।
গত মার্চে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮৭ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে ৪ দশমিক ৩২ শতাংশ।
গত এক বছরে গ্রামাঞ্চলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে শহর এলাকার তুলনায় বেশি।
গত বছরের এপ্রিলে গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৩৬ শতাংশ। মার্চে তা বেড়ে হয় ১৪ দশমিক ৮৪ শতাংশ। আর গত মাসে এই হার ১৫ দশমিক ৩৮ শতাংশে পৌঁছায়।
এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৪৯ শতাংশ। মার্চে এ হার ছিল ১১ দশমিক ৩৩ শতাংশ। আর এপ্রিলে ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ।
গত মাসে খাদ্য বহির্ভূত খাতে গ্রামে মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ৯০ শতাংশ। মার্চে ছিল ৪ দশমিক ৩৯ শতাংশ। আর গত বছরের এপ্রিলে ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ।
অন্যদিকে শহর এলাকায় এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৬২ শতাংশ হয়েছে। মার্চে এই হার ছিল ৮ দশমিক ৪০ শতাংশ। গত বছরের এপ্রিলে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ।
চলতি বছরের এপ্রিলে শহর এলাকায় খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ০৪ শতাংশ। মার্চে এই হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। গত বছরের এপ্রিলে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।
শহর এলাকায় এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৪ দশমিক ১৮ শতাংশে। মার্চে এই হার ছিল ৪ দশমিক ১৩ শতাংশ। গত বছরের এপ্রিলে ছিল ৪ দশমিক ৫৬ শতাংশ।
বিশ্ব মন্দার কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (ডাবল ডিজিট) পৌঁছায়। এক পর্যায়ে তা বেড়ে ১১ দশমিক ৫৯ শতাংশ হয়।
মন্দা কেটে যাওয়ায় বর্তমান সরকার ক্ষমতায় আসার তা কমতে শুরু করে। ২০০৯ সালের জুনে এক পর্যায়ে তা ২ দশমিক ২ শতাংশে নেমে আসে। কিন্তু এরপর তা আবার বাড়তে শুরু করে এবং গত মার্চ মাসে আবার দুই অংকের কোটা ছাড়িয়ে যায়। মার্চ শেষে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ১০ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এই হার প্রতি মাসে যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে এবার অর্থবছরের গড় মূল্যস্ফীতি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে।
"আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যসহ সব পণ্যের দামই এখন চড়া। সে বিবেচনায় মূল্যস্ফীতি শিগগিরই কমবে বলে মনে হয় না।"
জায়েদ বখতের মতে, মূলত খাদ্যের দাম বাড়ার কারণেই মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ কারণেও মূল্যস্ফীতি হচ্ছে।
বোরো ধান ওঠার পর মূল্যস্ফীতি কমবে কি না- এমন প্রশ্নের জবাবে এই অর্থনীতিবিদ বলেন, "তেমন কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০৫৩ ঘ.
bdnews24