২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন, লেনদেনও কমেছে

আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক পড়েছে প্রায় দেড়শ' পয়েন্ট। লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 06:33 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক পড়েছে প্রায় দেড়শ' পয়েন্ট। লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা কম। সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়। সেদিন সাধারণ সূচক কমে ২০৫ পয়েন্ট। সোমবার দিনশেষে সাধারণ সূচক ৫৩৭৬ দশমিক ৩০ পয়েন্ট দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ১৩৫ দশমিক ৮৯ পয়েন্ট কম। মাঝখানে কয়েক মিনিট বাদ দিলে পুরোদিনই সূচক পড়েছে। হাতবদল হয়েছে মোট ৩ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৭৫৯টি শেয়ার, যার বাজার মূল্য ৩৪৪ কোটি ৪ লাখ ৮৮ হাজার টাকা। রোববার লেনদেনের পরিমাণ ছিলো ৪৪০ কোটি ৬৭ লাখ টাকা। হাতবদল হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির দামই কমেছে, বেড়েছে ৩৯টি এবং বাকি ১০টির দাম ছিলো অপরিবর্তিত। বাজেটের আগে নানা ধরনের গুজবের কারণে দরপতন হচ্ছে বলে পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন। ডিএসই সভাপতি শাকিল রিজভী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগের লাভের ওপর কর আরোপ এবং টিআইএন বাধ্যতামূলক করার গুঞ্জনের কারণে অনেকে শেয়ার ছেড়ে দিচ্ছেন। এছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা ৩০ জুন। এর প্রভাবও বাজারে পড়ে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫৫৫ ঘ.